মেঘনায় ট্রলারডুবির ঘটনায় চার লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘটনার পরপরই নিখোঁজদের খোঁজে হাইমচরের তেলিরমোড় ঘাটে ​​ভিড় করেন স্বজনেরা। ছবি: প্রথম আলো
ঘটনার পরপরই নিখোঁজদের খোঁজে হাইমচরের তেলিরমোড় ঘাটে ​​ভিড় করেন স্বজনেরা। ছবি: প্রথম আলো

চাঁদপুরের হাইমচরের কাছে পাঁচ দিন আগে মেঘনা নদীতে ডুবে যাওয়া ট্রলারটি আজ রোববার সন্ধ্যায় উদ্ধার করা হয়েছে। ট্রলার উদ্ধারের সময় আরও দুটি লাশ ভেসে উঠে। এ নিয়ে আজ মোট চারটি লাশ উদ্ধার করা হলো। এখনো নিখোঁজ আছেন পাঁচজন।

পুলিশ জানায়, আজ রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করা হয়েছে। স্থানীয় অন্যান্য ট্রলারের সাহায্য নিয়ে ২০ মিটার গভীরে ডুবে থাকা ট্রলারটি উদ্ধার করা হয়। এ সময় আলিয়া বেগম (২৬) তাঁর মেয়ে স্বর্ণার (৩) লাশ ভেসে উঠে। আলিয়ার ছয় বছরের এক ছেলে নিখোঁজ রয়েছে।
এর আগে আজ সকালে আধঘণ্টার ব্যবধানে দুই শিশুর লাশ উদ্ধার করে পুলিশ। ওই দুই শিশু হলো, দেড় বছরের ফাহিম হোসেন ও চার বছরের মানিক।
ফাহিম হাইমচর উপজেলার উত্তর চরবগুলা এলাকার জামাল হোসেনের একমাত্র ছেলে। অন্যদিকে মানিক একই এলাকার মোস্তফা মৃধার ছেলে। একই ঘটনায় মোস্তফা মৃধার ছোট ছেলে রতন এখনো নিখোঁজ। রতন ছাড়াও বাকি নিখোঁজেরা হলেন, নার্গিস (২৮) ও তাঁর ছেলে শাহজাদা (৬), আহমদ উল্লাহ (৪৪)। এদের সবার বাড়ি হাইমচরের বিভিন্ন এলাকায়।
হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালি উল্লা বলেন, আজ সকাল ছয়টায় শিশু ফাহিমের লাশ হিজলা এলাকার এক জেলের জালে উঠে আসে। পরে স্থানীয় লোকজন বিষয়টি পুলিশকে জানালে লাশ উদ্ধার করে পুলিশ। এর আধঘণ্টা পর ঘটনাস্থল থেকে কিছুটা দূরে মানিকের লাশ ভেসে ওঠে। পরিবারের লোকজন লাশ শনাক্ত করেছে।
গত মঙ্গলবার সকালে হাইমচরের তেলিরমোড় থেকে যাত্রী নিয়ে ঈশানবালায় যাচ্ছিল একটি ট্রলার। পথিমধ্যে মেঘনা নদীতে একটি তেলবাহী ট্যাংকারের সঙ্গে ধাক্কা লেগে ট্রলারটি ডুবে যায়। এতে নয়জন নিখোঁজ হয়। বাকি যাত্রীদের ঘটনার পর তাৎক্ষণিকভাবে উদ্ধার করেন জেলেরা।