৫ দিনে ১১১ জন অসুস্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় প্রেসক্লাবের সামনে পঞ্চম দিনের মতো আমরণ অনশনে নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক–কর্মচারীরা। গতকাল সকালে l প্রথম আলো
জাতীয় প্রেসক্লাবের সামনে পঞ্চম দিনের মতো আমরণ অনশনে নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক–কর্মচারীরা। গতকাল সকালে l প্রথম আলো

জাতীয় প্রেসক্লাবের সামনে খোলা আকাশ ও ঠান্ডা বাতাসেই শুয়ে ও বসে আছেন শত শত শিক্ষক-কর্মচারী। তাঁদের কেউ কেউ স্যালাইন নিয়েই শুয়ে আছেন। অন্যরা তাঁদের সেবা-শুশ্রূষা করছেন।

স্বীকৃতিপ্রাপ্ত নন-এমপিও মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে ওই সব প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের আমরণ অনশন কর্মসূচির পঞ্চম দিনে গতকাল বৃহস্পতিবার এমন চিত্র দেখা গেছে। নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের ডাকে এই কর্মসূচি পালিত হচ্ছে। এমপিওভুক্ত হলে তাঁরা সরকার থেকে মাসে মূল বেতন ও কিছু ভাতা পাবেন।

আন্দোলনকারী শিক্ষকেরা বলছেন, যত দিন যাচ্ছে, অসুস্থ হওয়া শিক্ষক-কর্মচারীর সংখ্যাও বাড়ছে। গতকাল নতুন করে আরও ২৪ জন শিক্ষক অসুস্থ হয়েছেন। এ নিয়ে গত পাঁচ দিনে মোট ১১১ জন শিক্ষক-কর্মচারী অসুস্থ হয়েছেন। তবে এখন প্রতিদিনই নতুন এলাকা ও
শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা অনশনে অংশ নিচ্ছেন। পাশাপাশি বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরাও সংহতি জানাচ্ছেন।

গতকাল রাজধানীর মগবাজারের মধুবাগ এলাকার শের-ই-বাংলা স্কুল অ্যান্ড কলেজের ১৬ জন শিক্ষক (কলেজ শাখার) সংহতি জানিয়ে অনশনে অংশ নেন। এই প্রতিষ্ঠানটির স্কুল শাখা এমপিওভুক্ত হলেও কলেজ শাখা এমপিওভুক্ত হয়নি। ফলে কলেজ শাখার শিক্ষকেরা সরকার থেকে বেতন-ভাতা পাচ্ছেন না। গতকাল নতুন করে অনশনে যোগ দেওয়া এই কলেজের মার্কেটিং বিভাগের প্রভাষক সালমা রাজিয়া বাহার প্রথম আলোকে বলেন, তিনি ২০০৭ সাল থেকে প্রভাষক হিসেবে চাকরি করছেন। কিন্তু সরকার থেকে কোনো বেতন-ভাতা পাচ্ছেন না। এ জন্য সংহতি জানিয়ে তাঁরা অনশনে অংশ নিয়েছেন এবং থাকবেন।

বর্তমানে সারা দেশে স্বীকৃতিপ্রাপ্ত নন-এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান আছে ৫ হাজার ২৪২টি। এগুলোতে শিক্ষক-কর্মচারী ৭৫ থেকে ৮০ হাজার। ওই সব প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা জাতীয় প্রেসক্লাবের সামনে গত ২৬ ডিসেম্বর থেকে টানা অবস্থান কর্মসূচির পর গত রোববার আমরণ অনশন শুরু করেন। গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনের ফুটপাত ছাড়িয়ে রাস্তার একাংশে শিক্ষকদের অবস্থান ছিল। ফলে এখানে যান চলাচলের গতি কমে গিয়ে কিছুটা যানজটের সৃষ্টি হয়েছে।

নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের সভাপতি গোলাম মাহদুন্নবী এবং সাধারণ সম্পাদক বিনয় ভূষণ রায়কে স্যালাইন নিয়েই অনশন পালন করতে দেখা যায়। জানতে চাইলে গোলাম মাহদুন্নবী প্রথম আলোকে বলেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাঁরা অনশন চালিয়ে যাবেন।

উল্লেখ, শিক্ষামন্ত্রী গত মঙ্গলবার অনশনস্থলে এসে আশ্বাস দিলেও সুনির্দিষ্ট সময়সীমা না বলায় শিক্ষকেরা তা প্রত্যাখ্যান করে অনশন চালিয়ে যান। গতকাল তা পঞ্চম দিনে গড়াল।

 ১ জানুয়ারি থেকে অনশনে অংশ নিয়েছেন পঞ্চগড়ের বোদা উপজেলার মীরগঞ্জ নিম্নমাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক ক্ষিরোদ চন্দ্র বর্মণ। তিনি বলেন, তাঁদের বিদ্যালয়টি ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত। তিনি চাকরি করছেন ২০০০ সাল থেকে। কিন্তু স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত না হওয়ায় তিনি সরকার থেকে কোনো বেতন-ভাতা পাচ্ছেন না। তাহলে চলেন কীভাবে? এমন প্রশ্নে হতাশা প্রকাশ করে এই শিক্ষক বললেন, শিক্ষকতার পাশাপাশি বাড়িতে কৃষিকাজ করেন। জানালেন, এমপিওভুক্ত হবে হবে আশায় বিয়ে করতেও দেরি হয়েছে। ৪০ বছর বয়সে গত আগস্টে বিয়ে করেছেন। বললেন, এবার দাবি পূরণ ছাড়া বাড়ি যাবেন না।

সংহতি জানাচ্ছেন অনেকেই

শিক্ষক-কর্মচারীদের এই অনশনে প্রতিদিনই বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা সংহতি জানাচ্ছেন। গতকাল বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাংসদ ফজলে হোসেন বাদশা, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী দিলীপ বড়ুয়া, তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব অধ্যাপক আনু মুহাম্মদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ তানজীবউদ্দিন খান, ফাহমিদুল হক, মোশাহিদা সুলতানা, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সুশান্ত দাস প্রমুখ সংহতি জানিয়েছেন।

মাদ্রাসার শিক্ষকদের অবস্থান চতুর্থ দিনে গড়াল

মাদ্রাসা বোর্ডের রেজিস্ট্রেশন পাওয়া সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের দাবিতে ওই সব মাদ্রাসার শিক্ষকদের অবস্থান কর্মসূচি গতকাল চতুর্থ দিনে গড়িয়েছে। তবে এখন পর্যন্ত তাঁরা সরকার থেকে কোনো সাড়া পাননি। জাতীয় প্রেসক্লাবের মূল ফটকের আরেক পাশে চলছে এই কর্মসূচি।

কর্মসূচিতে অংশ নেওয়া জামালপুর জেলার বকশীগঞ্জের মদনেরচর স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার প্রধান শিক্ষক প্রথম আলোকে বলেন, তাঁদের মাদ্রাসাটি ১৯৮৫ সালে রেজিস্ট্রেশনপ্রাপ্ত। তবে তিনি যোগ দিয়েছেন ১৯৯৭ সালে। কিন্তু বেতন-ভাতা বাবদ সরকার থেকে কোনো অনুদান পান না। তাই এবার দাবি পূরণ না হওয়া পর্যন্ত বাড়ি যাবেন না।