মেডিকেল ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার অংশগ্রহণকারীদের ক্ষেত্রে ৫ নম্বর কাটার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে গতকাল রোববার দুপুরে চট্টগ্রামে প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছেন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকেরা।
মানববন্ধনে অন্তত দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেন। চট্টগ্রাম অঞ্চলের দ্বিতীয়বার মেডিকেল পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন শেষে মিছিল করে প্রশাসকের কাছে স্মারকলিপি দেন আন্দোলনকারীরা।
মানববন্ধনে বক্তারা বলেন, পরীক্ষার তিন মাস আগে এ ধরনের সিদ্ধান্ত নিয়ে শিক্ষার্থীদের প্রতি অন্যায়-অবিচার করা হয়েছে। অবিলম্বে স্বাস্থ্য মন্ত্রণালয়কে এ সিদ্ধান্ত বাতিল করতে হবে।
কর্মসূচিতে অংশ নেওয়া মেডিকেল ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী তানভির মাহমুদ বলেন, ‘ আট মাস ধরে দ্বিতীয়বার মেডিকেল ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছি। হঠাৎ করে এখন এসে বলা হচ্ছে ৫ নম্বর কাটা হবে। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।’