যুদ্ধাপরাধীদের বিচারের জন্য গড়ে ওঠা গণজাগরণ মঞ্চ তার দ্বিতীয় বর্ষপূর্তির দিন ৫ ফেব্রুয়ারি থেকে যুদ্ধাপরাধীদের বিচার ও রাজনীতির নামে সন্ত্রাস-সহিংসতা বন্ধের দাবিতে আবারও শাহবাগে টানা অবস্থান করবে।
মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার গতকাল মঙ্গলবার সন্ধ্যায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে ‘সন্ত্রাসবিরোধী গণ-অবস্থান ও সমাবেশ’ থেকে এ ঘোষণা দেন। এ সময় ৬ ফেব্রুয়ারি মুক্তিযুদ্ধের পক্ষের সব সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোকে নিয়ে দেশব্যাপী ‘মুক্তির অভিযাত্রা’ নামে একটি কর্মসূচিরও ঘোষণা দেওয়া হয়। একই সঙ্গে আগের ঘোষণা অনুযায়ী, আগামী শুক্রবার বিকেল তিনটা থেকে প্রতিবাদী গণস্বাক্ষর ও সমাবেশ হবে।
সমাবেশে ইমরান এইচ সরকার বলেন, যারা রাজনীতির নামে অপরাজনীতি করে দেশকে একটি ভবিষ্যতহীন রাষ্ট্রে পরিণত করতে চাচ্ছে তাদের বিরুদ্ধে সব দেশপ্রেমিক ও বিবেকবান মানুষকে রাজপথে নামতে হবে।
অর্থনীতিবিদ আবুল বারকাত জামায়াতকে নিষিদ্ধ করার দাবি জানিয়ে বলেন, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ‘সনদ ব্যবসার’ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।
সমাবেশে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, সাংবাদিক আবু সাঈদ খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মেসবাহ কামাল, বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি অধ্যাপক আশরাফউদ্দিন চৌধুরী, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি হাসান তারেক প্রমুখ বক্তব্য দেন। পরে সেখানে প্রতিবাদী গণসংগীত পরিবেশন করে উদীচীসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন।