৫ বছর আগে স্ত্রীর স্বর্ণালংকার ছিল না, এখন ১০০ ভরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রেজওয়ান আহাম্মদ
রেজওয়ান আহাম্মদ

কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের বর্তমান সাংসদ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বড় ছেলে রেজওয়ান আহাম্মদ এবারও আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। এবারের নির্বাচনে তাঁর দেওয়া হলফনামায় দেখা যায়, গত পাঁচ বছরের ব্যবধানে রেজওয়ান আহাম্মদের নগদ টাকাসহ অন্যান্য বার্ষিক আয় ও সম্পদ দুটোই বেড়েছে।
হলফনামা অনুযায়ী রেজওয়ান আহাম্মদের নগদ রয়েছে ১ কোটি ২৩ লাখ ১ হাজার ৯৭ টাকা। এ ছাড়া স্ত্রীর কাছে নগদ রয়েছে আরও ১ লাখ টাকা। কিন্তু পাঁচ বছর আগের হলফনামায় স্ত্রীর কোনো নগদ টাকা ছিল না। সে সময় সাংসদের নগদ ছিল মাত্র ২৭ লাখ ৫৫ হাজার ২৪৪ টাকা। এমনকি পাঁচ বছর আগে স্ত্রীর কোনো স্বর্ণালংকার না থাকলেও এবারের হলফনামায় ১০০ ভরি স্বর্ণালংকারের উল্লেখ রয়েছে, যাতে লেখা রয়েছে, বিবাহ ও অন্যান্য অনুষ্ঠানে উপহার হিসেবে প্রাপ্ত।
এবারের হলফনামায় এই সাংসদের কৃষি খাতে বার্ষিক আয় ১ লাখ ২৫ হাজার ৫০ টাকা। বাড়ি-দোকানভাড়া, ব্যবসা, ব্যাংক আমানত, সাংসদের সম্মানীসহ ২০ লাখ ৮৪ হাজার ৯৭৪ টাকা। মৎস্য উৎপাদন ও বিক্রি থেকে বার্ষিক আয় ১ কোটি ১০ লাখ টাকা। এ ছাড়া অস্থাবর সম্পত্তিতে এবারের আয়ের হিসাবে ব্যাংকে জমা নিজ নামে ২ কোটি ৫৫ লাখ ৪১ হাজার ২১৮ টাকা ও স্ত্রীর নামে ৫ লাখ ৮০ হাজার টাকা। সঞ্চয়পত্র বা স্থায়ী আমানতের বিনিয়োগ নিজ নামে ৩১ লাখ ১০ হাজার এবং স্ত্রীর নামে ৩৩ লাখ ৫০ হাজার টাকা। স্বর্ণালংকার নিজের ১০ ভরি আর স্ত্রীর ১০০ ভরি। নিজ নামে আসবাবসহ অন্য জিনিসপত্র সাড়ে ১১ লাখ টাকার আর স্ত্রীর রয়েছে ২ লাখ টাকার।
কিন্তু পাঁচ বছর আগে দশম জাতীয় নির্বাচনের হলফনামায় তাঁর বার্ষিক আয়ের বিবরণীতে ছিল কৃষি খাতে ৯৮ হাজার ৫৬০ টাকা। বাড়ি-দোকানভাড়া, ব্যবসা, ব্যাংক আমানত ও চাকরি ৬ লাখ ৭২ হাজার ৮২৩ টাকা। মৎস্য উৎপাদন ও বিক্রি থেকে বার্ষিক আয় ছিল ৭০ লাখ টাকা। এ ছাড়া অস্থাবর সম্পত্তিতে ব্যাংকে জমা নিজ নামে ৬১ লাখ ৬৫ হাজার ২৬৫ টাকা এবং স্ত্রীর নামে ৫০ হাজার ২০১ টাকা। স্বর্ণালংকার নিজের ১০ ভরি। আগে যা ছিল, তা-ই।
এবার স্ত্রীর ১০০ ভরি থাকলেও পাঁচ বছর আগে কোনো স্বর্ণালংকার ছিল না। নিজ নামে আসবাবসহ ২ লাখ ৪০ হাজার টাকার অন্যান্য জিনিস ছিল। স্ত্রীর নামে কিছুই ছিল না। এ ছাড়া পাঁচ বছর আগে পিতার কাছ থেকে পাওয়া একটা পুরোনো ছয় লাখ টাকার টয়োটা গাড়ি ছিল। কিন্তু এবার তাঁর রয়েছে ২৫ লাখ ৫৩ হাজার ৯৭৫ টাকা মূল্যের নিজের দুটি মোটরগাড়ি। এ ছাড়া এবার তাঁর আরও আছে ৩ লাখ টাকার একটি স্পিডবোট ও ৫ লাখ টাকার একটি ইঞ্জিনচালিত নৌকা। রয়েছে ১ লাখ ১০ হাজার টাকা মূল্যের একটি পিস্তল, যা ছিল না আগে।
নবম সংসদের সময় সাংসদ রেজওয়ান আহাম্মদের বাবা মো. আবদুল হামিদ স্পিকার  থেকে রাষ্ট্রপতি হলে আসনটি শূন্য হয়। তখন  রাষ্ট্রপতির বড় ছেলে রেজওয়ান আহাম্মদ উপনির্বাচনে এ আসনে জয়লাভ করেন। পরে দশম নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি আবার আওয়ামী লীগের সাংসদ নির্বাচিত হন।