আগামী অর্থবছরের বাজেটে প্রকল্প গ্রহণ করা হবে যাতে কোনো লোক গৃহহীন না থাকে। পর্যায়ক্রমে আশ্রয়ণ প্রকল্পের মতো সবার জন্য বাসস্থানের ব্যবস্থা করা হবে। এ প্রকল্প বাস্তবায়িত হলে আগামী পাঁচ বছরে দেশের কোনো লোক গৃহহীন থাকবে না। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এ কথা বলেছেন।
গতকাল বৃহস্পতিবার বিকেলে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজ শাখা ছাত্রলীগের উদ্যোগে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আরও বলেন, নারী ও শিশুসহ ১০ লাখের বেশি মানুষ ঢাকা শহরের বাস, ট্রেন, লঞ্চ স্টেশন ও রাস্তায় ঘুমায়। ঢাকার বাইরেও অনেক লোক রয়েছে, যাদের কোনো বাসস্থান নেই। এ প্রকল্পের আওতায় এসব লোকের জন্য বাসস্থানের ব্যবস্থা করা হবে। ফলে একটি লোককেও গৃহহীন থাকতে হবে না।
অনুষ্ঠানে কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মো. রুবেল পারভেজে সভাপতিত্ব করেন।