৫ বছরে পারেননি, ৫ দিনেও পারবেন না: নানক
বিএনপি পাঁচ বছর আন্দোলন করে কিছুই করতে পারেনি, আগামী ৫ দিনেও পারবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক।
আজ মঙ্গলবার সন্ধ্যায় আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নানক এ মন্তব্য করেন।
বিরোধী দলের অনির্দিষ্টকালের জন্য ডাকা অবরোধ প্রসঙ্গে জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘জনদুর্ভোগ সৃষ্টিকারী অনির্দিষ্টকালের জন্য তথাকথিত অবরোধের কর্মসূচি অনতিবিলম্বে প্রত্যাহার করা উচিত। অন্যথায় গণবিরোধী এ কর্মসূচির বিরুদ্ধে জনগণ আরও কঠোর প্রতিরোধের পথ বেছে নেবে। পাঁচ বছরের আন্দোলন করে জনগণকে সম্পৃক্ত করতে পারেননি, আগামী পাঁচ দিনেও পারবেন না।’
সাবেক স্থানীয় সরকারমন্ত্রী নানক বলেন, ‘বিদেশি পর্যবেক্ষক না এলে নির্বাচন গ্রহণযোগ্য হবে না, এটা আমাদের দেশে একটি বাজে প্র্যাকটিস শুরু হয়েছে। এই বাজে প্র্যাকটিস থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। বিদেশি পর্যবেক্ষক এলে সেটা সারপ্রাইজ। নির্বাচনের গ্রহণযোগ্যতার বিষয়ে সিদ্ধান্ত নেবে দেশের মানুষ। যেমনি নিয়েছিল গত পাঁচ থেকে ছয় হাজার নির্বাচনে।’
জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘বিএনপি আন্দোলনের নামে জনগণের দৃষ্টিকে ঘুরিয়ে বিভ্রান্তি সৃষ্টি করতে চায়। কোনো শক্তি নেই বর্তমান গণতান্ত্রিক সরকারের সূচিত এই ধারাকে বাধাগ্রস্ত করতে পারে। তাই আমরা বলতে চাই, জনগণই সব ক্ষমতার উত্স। বুলেট নয়, ব্যালটই রাষ্ট্রীয় ক্ষমতা পরিবর্তনের একমাত্র নিয়ামক।’
নানক বলেন, বিরোধী দলের গোপন এজেন্ডা হচ্ছে স্বাধীনতাবিরোধী, যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত ও খালেদা জিয়া পরিবারের প্রায় ডজন খানেক সদস্যের বিরুদ্ধে দায়ের করা দুর্নীতির মামলা থেকে নিজেদের রক্ষা করা। এ সময় আদালত প্রাঙ্গণে সহিংসতাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, উপদপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস প্রমুখ।