৫ বছরে রপ্তানি হবে সাড়ে ৭ হাজার কোটি ডলার: অর্থমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচ বছরের মধ্যে দেশীয় পণ্যের রপ্তানির পরিমাণ সাত হাজার ৫০০ কোটি (৭৫ বিলিয়ন) ডলারে উন্নীত করতে ব্যবসায়ীদের কাছে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

ফ্যাশন এন্টারপ্রেনারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এফইএবি—ফ্যাশন উদ্যোগ) প্রথম নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে অর্থমন্ত্রী এ কথা বলেন। রাজধানীর একটি হোটেলে আজ শনিবার বিকেলে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, ‘এ বছর রপ্তানি হতে পারে ৩০ বিলিয়ন (তিন হাজার কোটি টাকা)। পাঁচ বছরে এটা ৭৫ বিলিয়ন ডলার হবে, এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। এটা আপনাদের (রপ্তানিকারক) জন্য চ্যালেঞ্জ।’

এ সময় তৈরি পোশাক রপ্তানিকারকদের সমিতি বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলামের উদ্দেশে অর্থমন্ত্রী বলেন, ‘আপনারা চিন্তা করেন কীভাবে রপ্তানিকে সেখানে নিয়ে যাবেন।’
মূল্য সংযোজন কর (ভ্যাট) সম্পর্কে অর্থমন্ত্রী বলেন, ‘অনেকেই ১৫ শতাংশ ভ্যাটকে অনেক বেশি মনে করেন। অনেক দেশেই তা ১০ শতাংশ কিংবা ৮ শতাংশ। সেটা আমরাও করতে পারি। তবে এ জন্য দরকার হিসাব ব্যবস্থার সংস্কার। সেটা আমরা করছি। আশা করি ২০১৫ সালে তা সম্পন্ন করতে পারব।’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন মেট্রোপলিটন চেম্বারের সভাপতি রোকেয়া আফজাল রহমান, বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম, এফবিসিসিআইয়ের সহসভাপতি হেলাল উদ্দিন, বিকেএমইএ সহসভাপতি মোহাম্মদ হাতেম, ফ্যাশন উদ্যোগের সভাপতি আজহারুল হক প্রমুখ।