৫ বছরেও চালু হয়নি খুলনার বাস্তুহারা হাউজিং বাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা সিটি করপোরেশন (কেসিসি) এলাকায় বাস্তুহারা-বয়রা হাউজিং বাজার নির্মাণের প্রায় পাঁচ বছর পার হলেও বাজারটি চালু হয়নি। একাধিকবার দোকান বরাদ্দের জন্য আবেদন জমা নেওয়া ছাড়া বাজারটি চালুর ব্যাপারে কর্তৃপক্ষের তেমন কোনো উদ্যোগ নেই বলে জানিয়েছেন এলাকার মানুষ। এদিকে বাজারের আশপাশ এলাকায় অন্তত চারটি জায়গায় গড়ে উঠেছে ভাসমান ও অস্থায়ী অবৈধ বাজার।
কর্তৃপক্ষ জানিয়েছে, নির্মাণের পর একটা সময় বাজারটিতে আলাদা পাইকারি পোলট্রি মার্কেট করার চিন্তা, দীর্ঘদিন বাজার বরাদ্দ কমিটিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মনোনীত সদস্য না পাওয়া ও প্রকৃত ব্যবসায়ীদের কাছ থেকে পর্যাপ্ত আবেদন জমা না পড়াসহ বেশ কিছু জটিলতার কারণে এটি চালু করা সম্ভব হয়নি।
এলাকাবাসী ও স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, নির্মাণের পর দোকান বরাদ্দের আবেদন চাওয়ার সময় রাজনৈতিক ছত্রচ্ছায়ায় অব্যবসায়ীদের কাছ থেকে আবেদন ফরম বেশি পড়ায় সে সময় বাজারটি চালু করা যায়নি। বাজারটি নির্ধারিত জায়গায় চালু না হলেও ভোর থেকে বাজারের সামনের চত্বরে খোলা আকাশের নিচে কাঁচাবাজার ও মাছ ব্যবসায়ীরা বেচাবিক্রি করে থাকেন। সকাল নয়টা নাগাদ শেষ হয়ে যায় অস্থায়ী ওই বেচাকেনা। বাজারটিতে মূলত মুজগুন্নী, বাস্তুহারা, গোয়ালখালী, বয়রা হাউজিং ও নৌ কলোনির বাসিন্দারা বাজার করতে আসেন। তবে স্থায়ীভাবে চালু না হওয়ায় ও অল্প সময়ের জন্য বসায় ওই সব এলাকার বাসিন্দারা প্রায় তিন থেকে চার কিলোমিটার দূরের চিত্রালী, দৌলতপুর, বয়রা ও বৈকালী বাজারে যেতে বাধ্য হচ্ছেন।
মুজগুন্নী আবাসিক এলাকার এক বাসিন্দা জিয়াউল আলম বলেন, ‘বাজারটি স্থায়ীভাবে চালু থাকলে আমাদের জন্য খুব সুবিধা হতো। কষ্ট করে আমাদের দূরের বাজারে যেতে হতো না।’
কেসিসি সূত্র জানায়, ২০১২ সালের এপ্রিল মাসে মার্কেটের নির্মাণকাজ শেষ করে ঠিকাদারি প্রতিষ্ঠান। সেখানে তিনটি আলাদা আলাদা শেডে ৪০টি তরকারি, ১৪টি মুদি, ১০টি মাছের, পাঁচটি করে মুরগি ও মাংসের দোকানসহ মোট ৭৪টি দোকানের জায়গা আছে। ২০১৩ সালের এপ্রিলে দোকান বরাদ্দের জন্য আবেদন চাওয়া হলে সে সময় প্রায় ৪০০ জন বরাদ্দ চেয়ে আবেদন করেন। পরে সেখানে পাইকারি পোলট্রি মার্কেট করা যায় কি না, তা নিয়ে চিন্তাভাবনা চলতে থাকে। গত ১২ ডিসেম্বর এক সভায় প্রকৃত ব্যবসায়ীদের কাছ থেকে পুনরায় আবেদন গ্রহণ, বাজারটির নতুন নামকরণ করা, বাজারের অবৈধ দোকান ও স্থাপনা অপসারণ, একটি গভীর নলকূপ স্থাপনসহ বেশ কিছু সিদ্ধান্ত হয়েছে।
বাজারের সামনের চত্বরের একজন দোকানদার আবদুর রউফ বলেন, ‘বাজারটা চালু হওয়ার সব ব্যবস্থাই এখানে আছে। চালুর জন্য স্থানীয় কাউন্সিলরকে কয়েকবার জানানো হয়েছে। আমরা দোকান বরাদ্দের জন্য ফরমও কিনেছিলাম, তবে বরাদ্দ না পাওয়ায় বাইরে ব্যবসা করছি। বাজারটা চালু হলে বেচাকেনা বাড়ত। এলাকার মানুষেরও উপকার হতো।’
কেসিসির সংরক্ষিত ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আনজিরা খাতুন বলেন, সম্প্রতি বাজারটি তাঁরা ঘুরে দেখেছেন। বাজারটি দ্রুত চালু করার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে।
খুলনা সিটি করপোরেশনের বাজার সুপার গাজী সালাউদ্দীন প্রথম আলোকে বলেন, ২০১৭ সালের জানুয়ারি মাসের মধ্যে বাজারটি পুরোপুরি চালু করার প্রক্রিয়া চলছে। অল্প কিছুদিনের মধ্যে প্রকৃত ব্যবসায়ীদের কাছ থেকে পুনরায় আবেদন গ্রহণ করা হবে।