জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
৫ বছরের মধ্যেই গভীর সমুদ্রে সম্পদ আহরণের উদ্যোগ
সরকার আগামী পাঁচ বছরের মধ্যে গভীর সমুদ্রে সম্পদ আহরণের উদ্যোগ নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বুধবার এ কথা জানিয়ে তিনি বলেন, ‘আমরা যদি পাঁচ বছরের মধ্যে এই সম্পদ আহরণ না করি, তাহলে এগুলো হাতছাড়া হবার ভয় আছে। কাজেই আমরা দ্রুত ব্যবস্থা নিতে চাচ্ছি।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বুধবার সকালে রাজধানীর ফার্মগেটে বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘এখানে (গভীর সমুদ্রে) যেমন খনিজ সম্পদ পাওয়া যাবে, আবার খাদ্যসম্পদও প্রচুর আছে।’ তিনি ভাষণে মৎস্যসম্পদ উৎপাদন, প্রক্রিয়াজাত, বাজারজাত এবং বিদেশে রপ্তানির ক্ষেত্রে গুণগত মান বজায় রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জাতীয় মৎস্য পুরস্কার ২০১৬ প্রদান করেন। মৎস্যসম্পদ উৎপাদন ও ব্যবস্থাপনায় বিশেষ সাফল্যের জন্য ছয়টি শ্রেণিতে ২০ প্রতিষ্ঠান-ব্যক্তি-সংস্থাকে জাতীয় মৎস্য পুরস্কার-২০১৬ প্রদান করা হয়। পুরস্কার হিসেবে পাঁচটি স্বর্ণ ও ১৫টি রৌপ্যপদক দেওয়া হয়। পদকের সঙ্গে সনদ এবং স্বর্ণপদকের জন্য ৫০ হাজার ও রৌপ্যপদকের জন্য ৩০ হাজার টাকার চেক দেওয়া হয়। স্বর্ণপদক বিজয়ীরা হচ্ছেন ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার আবদুল হালিম, যশোর সদর উপজেলার মো. ওবায়দুর রহমান, ঝিকরগাছা উপজেলার মো. হাফিজুর রহমান এবং কক্সবাজার সদর উপজেলার অংচিন। এ ছাড়া মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা সোহেল মো. জিল্লুর রহমান ইলিশ সম্পদ সংরক্ষণে বিশেষ ভূমিকার জন্য এবার স্বর্ণপদকে ভূষিত হন।
প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমুদ্রসীমা আইন করে গিয়েছিলেন এবং তারই ভিত্তিতে আমরা এই সমস্যার সমাধান করে সমুদ্রসীমা অর্জন করতে সমর্থ হয়েছি। এখন এই সমুদ্রসীমাকে আমাদের কাজে লাগাতে হবে।’
শেখ হাসিনা বলেন, সরকার ইতিমধ্যে সমুদ্রে মৎস্যসম্পদ জরিপ-গবেষণা সম্পন্ন করার জন্য একটি জরিপ-জাহাজ কেনার পাশাপাশি আরও বেশ কিছু পদক্ষেপ নিয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, ‘আসলে গভীর সমুদ্রে মৎস্য আহরণের তেমন কোনো অভিজ্ঞতা আমাদের নেই। অনেকেই বলেন, গভীর সমুদ্রে মৎস্য আহরণ করবেন কিন্তু কাউকেই আমরা ঠিক তেমন আগ্রহ নিয়ে এগিয়ে আসতে দেখছি না। অথচ যাঁরা ব্যবসা-বাণিজ্য করতে চান, তাঁরা জানেন যে আমরা যে অঞ্চলটা পেয়েছি, সেখানে বিশাল মৎস্যভান্ডার রয়েছে। ইতিমধ্যে টেন্ডার আহ্বান করা হয়েছিল। চারটা কোম্পানি এসেছে। যারাই আসুক, আমরা তাদের দিতে চাই। কারণ, আমরা যদি পাঁচ বছরের মধ্যে এই সম্পদ আহরণ না করি, তাহলে এগুলো হাতছাড়া হবার ভয় আছে।’
প্রশিক্ষণ, সহজ শর্তে ঋণ, জলমহাল প্রদান, গবেষণাসহ মৎস্য খাতের উন্নয়নে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। পরে তিনি জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৬ উপলক্ষে গণভবনের লেকে মাছের পোনা অবমুক্ত করেন।
‘জল আছে যেখানে মাছচাষ সেখানে’ প্রতিপাদ্য নিয়ে ১৯ থেকে ২৫ জুলাই পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ উদ্যাপিত হচ্ছে।
মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। স্বাগত বক্তৃতা করেন মন্ত্রণালয়ের সচিব মো. মাকসুদুল হাসান খান। মন্ত্রিপরিষদ সদস্য, জাতীয় সংসদের নেতা, সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তা, এনজিও কর্মকর্তা, বিদেশি কূটনীতিক, উন্নয়ন-সহযোগী দেশের প্রতিনিধি, মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং মৎস্য, পোলট্রি ও প্রাণিসম্পদ-সম্পর্কিত ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।