উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের ফল পাঁচটি শিক্ষা বোর্ড প্রকাশ করেছে। ঢাকা বোর্ড আজ মঙ্গলবার প্রকাশ করার চেষ্টা করছে। তবে দুটি বোর্ড পিছিয়ে আছে। এর মধ্যে যশোর বোর্ডের ফল প্রকাশিত হবে ৪ সেপ্টেম্বর। বরিশাল বোর্ড দু-এক দিনের মধ্যে ফল প্রকাশের চেষ্টা করছে। এদিকে মেডিকেল ভর্তি পরীক্ষার ফরম বিতরণ ৫ সেপ্টেম্বর শেষ হচ্ছে। কিন্তু কয়েকটি শিক্ষা বোর্ড ফল প্রকাশে দেরি করায় বেশ কিছু শিক্ষার্থী ভর্তির আবেদন করার সুযোগ হারানোর আশঙ্কা করছেন। রাজশাহী শিক্ষা বোর্ডের পুনর্নিরীক্ষণের ফল গতকাল সোমবার প্রকাশ করা হয়েছে। বোর্ডের চেয়ারম্যান তানবিরুল আলম বলেন, তাঁদের বোর্ডে চার হাজার ৫২২ জন আবেদনকারীর মধ্যে জিপিএ (ফল) পরিবর্তন হয়ে বেড়েছে ৪৫ জনের। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে সাতজন। সিলেট বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. মনির উদ্দিন জানান, গত রোববার তাঁদের ফল প্রকাশ করা হয়েছে। ছয় হাজার ৪০০ জন আবেদন করে ফল পরিবর্তন হয়েছে ১৪ জনের। জিপিএ-৫ পেয়েছে পাঁচজন। চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পীযূষ দত্ত জানান, তাঁদের ফল প্রকাশিত হয়েছে গতকাল। তিন হাজার ৩৮৭ জন আবেদনকারীর মধ্যে ফল পরিবর্তন হয়েছে ৪৯ জনের। জিপিএ-৫ পেয়েছে সাতজন। দিনাজপুর বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পিয়ারউদ্দিন আহম্মেদ বলেন, তাঁদের বোর্ডে সাত হাজার ৩৩৮ জন আবেদনকারীর মধ্যে ফল পরিবর্তন হয়েছে ১৮ জনের। জিপিএ-৫ পেয়েছে একজন। কুমিল্লা বোর্ডের একজন কর্মকর্তা বলেন, এই বোর্ডে মোট তিন হাজার ৯৫৩ জন প্রার্থী আবেদন করলেও ফল পরিবর্তন হয়েছে ২৭ জনের। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ফাহিমা খাতুন বলেন, তাঁদের বোর্ডের ফল আজ মঙ্গলবার প্রকাশের চেষ্টা চলছে। বরিশাল বোর্ডের চেয়ারম্যান বিমল কৃষ্ণ মজুমদার বলেন, তাঁদের বোর্ডের ফল দু-এক দিনের মধ্যে প্রকাশের চেষ্টা চলছে। যশোর বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. সেলিম বলেন, আগামী ৪ সেপ্টেম্বর ফল প্রকাশ করা হবে।