৫ ভাগ প্রবৃদ্ধির দাবি শিক্ষক-কর্মচারীদের

বার্ষিক ৫ ভাগ প্রবৃদ্ধি (ইনক্রিমেন্ট) ও শিক্ষা জাতীয়করণের দাবি জানিয়েছেন বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরা। জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্ট বরিশাল বিভাগের উদ্যোগে গতকাল শুক্রবার বেলা ১১টায় বরিশাল শহরের অশ্বিনীকুমার হলের সামনের সড়কে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে শতাধিক শিক্ষক ও কর্মচারী অংশ নেন।
মানববন্ধনে শিক্ষকনেতারা বলেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব হলেও কিছু আমলার কারণে বেসরকারি শিক্ষক ও কর্মচারীরা সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। মানবসম্পদ উন্নয়নে শিক্ষার কোনো বিকল্প নেই। আর এই মানবসম্পদ উন্নয়নের কারিগর হচ্ছেন শিক্ষকেরা, যাঁদের বড় একটা অংশ বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষার সঙ্গে যুক্ত। বিশাল এই শিক্ষাসংশ্লিষ্ট জনগোষ্ঠীর ন্যায্য দাবি মেনে নেওয়া হচ্ছে না।
শিক্ষকনেতারা বলেন, ৫ ভাগ বার্ষিক প্রবৃদ্ধি দেওয়া এবং নন-এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্ত করাসহ শিক্ষাকে জাতীয়করণ করা হলে শিক্ষার মান আরও বাড়বে। এ বিষয়ে তাঁরা শিক্ষামন্ত্রী ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।
জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্ট বরিশাল বিভাগের আহ্বায়ক অধ্যাপক মহসিন-উল-ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে সংগঠনের বিভাগীয় যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ আমিনুর রহমান ও মজিবর রহমান, বরিশাল মহানগর বাকশিস সভাপতি অধ্যক্ষ হানিফ হোসেন তালুকদার, সম্পাদক রেজাউল করিমসহ বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলার শিক্ষকনেতারা বক্তব্য দেন। তাঁরা বলেন, দাবি আদায় না হলে সামগ্রিক অবস্থা বিশ্লেষণ করে নভেম্বরে প্রতিনিধি সভার মাধ্যমে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।