ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ময়মনসিংহ অংশে গত ৫ মাসে সড়ক দুর্ঘটনায় ১৭ জন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে ৫ জন সড়ক পারাপারের সময় মারা যান।
ময়মনসিংহ সদর উপজেলায় ১টি দুর্ঘটনায় ২ জন, ত্রিশালে ৪টি দুর্ঘটনায় ৪ জন এবং ভালুকয় ৮টি দুর্ঘটনায় ১১ জন নিহত হয়েছেন। গত বছরের অক্টোবর থেকে এ বছরের ফেব্রুয়ারি পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগের ময়মনসিংহ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মাসুদ খান বলেন, মহাসড়কে দ্রুতগতিতে গাড়ি চলে। দুর্ঘটনা এড়াতে দুর্ঘটনাপ্রবণ এলাকায় বিশেষ করে বাজারগুলোতে গতি কমানোর নিয়ম আছে। অনেক সময় চালকেরা এ নির্দেশনা মানেন না। আবার অনেক ক্ষেত্রে মানুষ সাবধানতার সঙ্গে চলাফেরা করে না।
থানা-পুলিশ জানায়, মহাসড়কের ভালুকা অংশে দুর্ঘটনা বেশি ঘটেছে। ভালুকায় বিভিন্ন ধরনের কারখানা থাকায় এটি ঘনবসতিপূর্ণ এলাকা। ভোর থেকে গভীর রাত পর্যন্ত পথচারী ও যানবাহন চলাচল করে। গত বছরের অক্টোবর থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত ভালুকায় দুর্ঘটনায় ১১ জন মারা গেছেন। গত বছরের ২৭ অক্টোবর উপজেলার মেহেরাবাড়ি এলাকায় বাসচাপায় জাকির হোসেন নামের এক সাইকেলারোহী মারা যান। ১ নভেম্বর মহাসড়কের কাঁঠালী এলাকায় পিকআপ ভ্যানের চাপায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ৩ জন পোশাকশ্রমিক মারা যান। তাঁরা হলেন আনোয়ার হোসেন, আশরাফুল ইসলাম ও আমেনা খাতুন। গত ৯ ফেব্রুয়ারি ভরাডোবা এলাকায় সড়ক পার হওয়ার সময় আবদুর রহমান ও তাঁর নাতনি ঊর্মি নিহত হন। আর ১১ ফেব্রুয়ারি রাতে উপজেলার সিডস্টোর বাজারে এমদাদ হোসেন ও তাঁর স্ত্রী কুলসুম মারা যান।
গত ৬ নভেম্বর দরিরামপুর এলাকায় বাস ও ট্রাকের চাপায় বাদশা মিয়া নামের ৮ বছর বয়সী এক শিশু নিহত হয়। ২৩ নভেম্বর রায়মণি এলাকায় বাসচাপায় মোটরসাইকেলের আরোহী এক সেনাসদস্য নিহত হন। তাঁর নাম তৌহিদুল ইসলাম। ২৪ নভেম্বর কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় মোড় এলাকায় বাসচাপায় উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতাউল করিম নিহত হন। তিনিও মোটরসাইকেলে যাচ্ছিলেন। মহাসড়কের ত্রিশাল অংশের বাগান এলাকায় ২৯ নভেম্বর ট্রাকের ধাক্কায় বাসচালকের সহকারী হায়দার আলী, মহাসড়কের সদর উপজেলার শিকারীকান্দা এলাকায় পিকআপের চাপায় শাপলা আক্তার ও তাঁর দুই বছর বয়সী মেয়ে সুবর্ণা আক্তার মারা যায়। তাঁদের বাড়ি জামালপুর সদর উপজেলায়।
পুলিশ আরও জানায়, প্রতিটি দুর্ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। তবে এসব মামলায় কেউ গ্রেপ্তার হননি।