চলতি বছরের প্রথম পাঁচ মাসে (জানুয়ারি থেকে মে) ৪০ হাজার ৩৮৭ জন নারী কর্মীর বিদেশে কর্মসংস্থান হয়েছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। আজ বুধবার সংসদে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানিয়েছেন । পাশাপাশি প্রশ্নোত্তর পর্বে টিসিবির আর্থিক ক্ষমতা, চিনি আমদানি, সুনামির আশঙ্কা ও বজ্রপাতে মৃত্যুর বিষয়ও ছিল।
টেবিলে উত্থাপিত নুরজাহান বেগমের এক প্রশ্নের জবাবে খন্দকার মোশাররফ হোসেন বলেন, ২০১৪ সালে ৭৬ হাজার ৭জন নারী কর্মী বিদেশে গিয়েছেন। সব মিলিয়ে ১৯৯১ থেকে এখন পর্যন্ত মোট ৩ লাখ ৯২ হাজার ৬৫৬ জন নারী কর্মী বিদেশে গিয়েছেন।
নিজাম উদ্দিন হাজারীর প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ জানান, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) আর্থিক ক্ষমতা বাড়ানোর জন্য আইন সংশোধন করা হয়েছে। এর মূলধন ২০০ কোটি টাকা বরাদ্দের জন্য অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে।
আনোয়ার আজিমের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, দেশের চাহিদা অনুযায়ী চিনির উৎপাদন কম। তাই আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হলে দেশে চিনির সংকট দেখা দিতে পারে। যে কারণে চিনি আমদানি বন্ধ করা হবে না।
মামুনুর রশীদের প্রশ্নের জবাবে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী বলেন, বাংলাদেশের উপকূলীয় অঞ্চলসহ বঙ্গোপসাগরে সুনামির আশঙ্কা আছে বলে ভূতত্ত্ববিদগণ মনে করেন। কারণ ভূমিতে বাংলাদেশের খুব কাছাকাছি উত্তর ও পূর্ব সীমান্তে ইন্ডিয়ান ও ইউরেশিয়ান সংযোগ প্লেট রয়েছে। উত্তর সীমান্তের কাছেই রয়েছে ডাউকি ফল্ট। ঢাকার কাছেই টাঙ্গাইল ও মধুপুর ফল্ট।
জাতীয় পার্টির এম এ হান্নানের প্রশ্নের জবাবে ত্রাণমন্ত্রী বলেন, প্রতি বছর দেশে ৩০০ থেকে সাড়ে ৩০০ ব্যক্তি বজ্রপাতে মৃত্যুবরণ করেন। বজ্রপাতে নিহত ব্যক্তির পরিবারকে তাৎক্ষণিক সর্বোচ্চ ২৫ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়।