সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে গ্রিক দেবীর ভাস্কর্য অপসারণের দাবিতে আগামী ৫ মে মতিঝিলের শাপলা চত্বর ঘেরাও করার কর্মসূচি দিয়েছে হেফাজতে ইসলাম। গতকাল শুক্রবার জুমার নামাজের পর চট্টগ্রাম নগরের আন্দরকিল্লা শাহি জামে মসজিদের সামনে হেফাজত আয়োজিত সমাবেশ থেকে এই ঘোষণা এসেছে। হেফাজত ভাস্কর্যটিকে মূর্তি হিসেবে উল্লেখ করে আসছে।
সমাবেশে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মঈনুদ্দিন রুহী বলেন, ‘আজ ঘোষণা করতে চাই, সরকারের যদি ভুল না ভাঙে, অবিলম্বে সুপ্রিম কোর্ট চত্বর থেকে মূর্তিটি অপসারণ না করে, তাহলে সারা দেশ থেকে তৌহিদি জনতা আবারও আগামী ৫ মে ঢাকার শাপলা চত্বর ঘেরাও করবে। ঢাকা অবরোধ করা হবে। প্রয়োজনে লাগাতার হরতাল দেওয়া হবে।’ তিনি আরও বলেন, ২০১৩ সালেও আন্দরকিল্লা শাহি জামে মসজিদের সামনে থেকে শাপলা চত্বর ঘেরাও কর্মসূচি ঘোষণা করা হয়েছিল।
২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতের সমাবেশের কারণে রাজধানী অবরুদ্ধ হয়ে পড়েছিল। মতিঝিল, গুলিস্তান, বিজয়নগর, পুরানা পল্টন, নয়াপল্টনসহ আশপাশের এলাকায় সেদিন ব্যাপক সহিংসতা ও তাণ্ডব চালানো হয়। পরে গভীর রাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত অভিযানের মুখে শাপলা চত্বর ছাড়তে বাধ্য হন হেফাজতের নেতা-কর্মীরা।
হেফাজত নিশ্চিহ্ন হয়ে যায়নি দাবি করে যুগ্ম মহাসচিব বলেন, শাপলা চত্বরের পর হেফাজতে ইসলাম মাঠে নামার সুযোগ পাবে না বলে অনেকে মনে করছেন। কিন্তু এটি ভুল ধারণা। তিনি আরও বলেন, মূর্তি অপসারণে সরকারকে বারবার সময় দেওয়া হচ্ছে। এটি যদি সরকার দুর্বলতা মনে করে, তাহলে তৌহিদি জনতার কাছে পরাজয় হবে। তিনি বলেন, একজন নেতাকে যদি গ্রেপ্তার করা হয়, তাহলে সারা দেশ অচল করে দেওয়া হবে। মূর্তি অপসারণের আন্দোলন ধামাচাপা দিতে হেফাজত নেতাদের বিরুদ্ধে সরকার পরোয়ানা জারি করেছে বলে দাবি করেন তিনি।
পাঠ্যপুস্তকের পরিবর্তন নিয়ে সম্প্রতি হাইকোর্টের জারি করা রুল প্রত্যাহার করে নিতেও আদালতের কাছে আবেদন করেন হেফাজতের যুগ্ম মহাসচিব। তিনি পাঠ্যপুস্তকে ইসলামি সংস্কৃতি চালু করার দাবি জানান।
হেফাজতের চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে আয়োজিত এই সমাবেশে প্রায় ৫০০ নেতা-কর্মী উপস্থিত ছিলেন। তবে সংগঠনের আমির ও মহাসচিব উপস্থিত ছিলেন না।
হেফাজতের চট্টগ্রাম মহানগর নেতা মনসুরুল হকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন নগর কমিটির প্রচার সম্পাদক আ ন ম আহমেদ উল্লাহ, জয়নাল আবেদীন, ইকবাল বিন খলিল, মো. জুনায়েদ, হাবিবুর রহমান, কামরুল ইসলাম প্রমুখ।
গতকাল সমাবেশ শুরুর আগ থেকে আন্দরকিল্লা চত্বরে প্রায় অর্ধশত পুলিশ অবস্থান নেয়। সমাবেশ শুরু হওয়ার পর চারপাশ ঘিরে রাখে পুলিশ। সমাবেশে উপস্থিত ছিলেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন। তিনি প্রথম আলোকে বলেন, অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করার জন্য হেফাজতকে মিছিল করতে দেওয়া হয়নি।
এদিকে ফেনী শহরের মিজান ময়দানে গতকাল বিকেলে হেফাজতের শানে রেসালত সম্মেলনে সংগঠনের আমির আল্লামা শাহ আহমদ শফী সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে গ্রিক দেবীর মূর্তি দ্রুত অপসারণের দাবি জানান। একই সম্মেলনে সংগঠনের মহাসচিব জুনায়েদ বাবুনগরী বলেন, সরকার এ মূর্তি না সরালে মুসলিম জনতা তীব্র আন্দোলন করে তা ভাঙচুর করবে।
তবে হেফাজতের শীর্ষ দুই নেতা আগামী পাঁচ মে শাপলা চত্বর ঘেরাও করার বিষয়ে ফেনীর সম্মলনে কোনো মন্তব্য করেননি।