৫ মে নিহত ব্যক্তিদের মাগফিরাত কামনায় হেফাজতের দোয়া
ঢাকার শাপলা চত্বরে অবস্থান করাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ব্যক্তিদের স্মরণে হেফাজতে ইসলামের সাংগঠনিক কোনো কর্মসূচি ছিল না। তবে নিহত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনা করে চট্টগ্রামের বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় দোয়া অনুষ্ঠিত হয় বলে জানান সংগঠনের নেতারা। গতকাল বৃহস্পতিবার জোহরের নামাজের পর এ দোয়া অনুষ্ঠিত হয়।
হেফাজতে ইসলাম বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী প্রথম আলোকে বলেন, মৃত্যু দিবস পালন করা শরীয়তসম্মত নয়। তাই ৫ মে শাপলা চত্বরে নিহত ব্যক্তিদের স্মরণে হেফাজতের পক্ষ থেকে কোনো কর্মসূচি পালন করা হয়নি। তবে হাটহাজারী মাদ্রাসাসহ বিভিন্ন মাদ্রাসা ও মসজিদে দোয়া করা হয়েছে। দোয়ায় তাঁদের (নিহত) আত্মার মাগফেরাত কামনা ও আহত ব্যক্তিদের সুস্থতা কামনা করা হয়। সেদিন শাপলা চত্বরে হেফাজতের কর্মীদের ওপর যারা হামলা চালিয়েছে তাদের বিচার চাওয়া হয়েছে আল্লাহর দরবারে। নিহত কতজনের জন্য দোয়া চাওয়া হয়েছে—এই প্রশ্নে আজিজুল হক ইসলামাবাদী বলেন, দোয়ায় নিহত ব্যক্তিদের সংখ্যা উল্লেখ করা হয়নি।
২০১৩ সালের ৫ মে ঢাকার ছয়টি প্রবেশমুখে অবরোধ কর্মসূচি শেষে মতিঝিলের শাপলা চত্বরে অবস্থান নেন হেফাজতে ইসলামের নেতা-কর্মীরা। এ কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর প্রাণকেন্দ্র ধ্বংসযজ্ঞে পরিণত হয়। ওই সময় সংঘর্ষ ও সহিংসতায় রাজধানীসহ সারা দেশে মোট ২৭ জন নিহত ও দেড় হাজারের মতো লোক আহত হন। পরে ওই দিন মধ্যরাতে পুলিশ, র্যা ব ও বিজিবির যৌথ অভিযানের মুখে এলাকা ছেড়ে যেতে বাধ্য হন হেফাজতের কর্মীরা।