হেফাজতের ঘটনা নিয়ে মিথ্যা প্রচারণা চালালে ব্যবস্থা: পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান নিয়ে যারাই মিথ্যে প্রচারণা চালাবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ার করেছে পুলিশ। একই সঙ্গে ওই দিনের ঘটনায় ১৩ জন নিহত হয়েছে বলে দাবি করেছে পুলিশ। এর মধ্যে ছয়জন ছিলেন হেফাজতে ইসলামের কর্মী।  আত্মরক্ষার্থে পুলিশ বলপ্রয়োগ করতে গেলে এ ঘটনা ঘটে। এর বাইরে অধিকারের প্রতিবেদনে যা বলা হয়েছে, তা পুরোটাই ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলেও দাবি করে পুলিশ।

আজ বৃহস্পতিবার পুলিশের সদর দপ্তরে ভারপ্রাপ্ত মহাপরিদর্শকের দায়িত্বে থাকা অতিরিক্ত মহাপরিদর্শক শহীদুল হক এক সংবাদ সম্মেলনে এমন দাবি করেন। তিনি বলেন, নিহত বাকি সাতজন ছিলেন পথচারী, পুলিশ, ব্যবসায়ী ও গাড়িচালক।  নিহত ১৩ জনের মধ্যে ১২জনের লাশ নিয়ে গেছেন তাঁদের স্বজনেরা। আর একজনের লাশ বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়। 

গত ৫ ও ৬ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে নিহত হওয়ার সংখ্যা সম্পর্কে বিভিন্ন সংগঠন ও ব্যক্তির বিভ্রান্তিমূলক বক্তব্য ও প্রচারণার পরিপ্রেক্ষিতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

পুলিশ কেন বলপ্রয়োগ করল—এমন প্রশ্নের জবাবে শহীদুল হক বলেন, ‘তারা সব লন্ডভন্ড করছে, আমার থানা আক্রমণ করছে, তখন কি আমরা বসে বসে দেখব? পুলিশের তো অধিকার আছে আত্মরক্ষার।’

নভেম্বর থেকে মতিঝিল এলাকায় একের পর এক পুলিশের ওপর হামলা ও বিভিন্ন স্থাপনায় ভাঙচুরের ঘটনা ঘটেছে। এর পরও হেফাজতকে মতিঝিলে সভা করার অনুমতি কেন দেওয়া হলো—সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, হেফাজত একটি অরাজনৈতিক সংগঠন। তারা বলেছিল, তারা কোনো অরাজকতা করবে না। কিন্তু তারা কথা রাখেনি, মুনাফেকি করেছে। তিনি বলেন, ‘দোয়া ও মোনাজাত করার জন্য অনুমতি চেয়েছে। প্রার্থনা বা এ-জাতীয় বিষয়ে আমাদের সবারই একটু দুর্বলতা রয়েছে।

অধিকারের প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে সংগঠনটির প্রধানকে গ্রেপ্তার করা হলো। কিন্তু হেফাজতের প্রধান শাহ আহমদ শফীকে পুলিশের প্রহরায় কেন চট্টগ্রামে রেখে আসা হলো—জানতে চাইলে শহীদুল হক বলেন, হেফাজতের প্রধান অনেক বয়স্ক। তা ছাড়া নেতৃত্ব তাঁর হাতে ছিল না। তিনি সশরীরে কোনো অরাজকতায় উপস্থিত ছিলেন না। পরে তদন্তে প্রমাণ পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

যদি বাস পোড়ানোর মামলায় হুকুমের আসামি হিসেবে মির্জা ফখরুল বা বিএনপির অন্যান্য নেতা গ্রেপ্তার হতে পারেন, তাহলে শফী কেন হবেন না—এমন প্রশ্নের জবাবে অতিরিক্ত মহাপরিদর্শক বলেন, ‘এ বিষয়ে আমার কাছে ফৌজদারি আইনের ব্যাখ্যা রয়েছে। তবে সেটা নিয়ে এখন কথা বলব না।’

হেফাজতের ঘটনায় সারা দেশে ৮৩টি মামলা হয়েছে উল্লেখ করে অতিরিক্ত মহাপরিদর্শক বলেন, ‘মাওলানা শফীকে আমি অনেক দিন ধরে চিনি। তাঁকে আমি বারবার বলেছি, সরকারের সঙ্গে বসেন। কিন্তু দেখলাম নেতৃত্ব তাঁর কাছে নেই। তিনি বসতে চান না। হেফাজতের নেতৃত্ব যদি হেফাজতের কাছে থাকত তাহলে এ ঘটনা ঘটত না।’

হেফাজতের নেতৃত্ব কার কাছে ছিল জানতে চাইলে অতিরিক্ত আইজিপি বলেন, সাতটি ইসলামি দল, যারা একটি বিশেষ গোষ্ঠীর সঙ্গে রাজনীতি করে তাদের হাতেই এ নেতৃত্ব ছিল। তিনি বলেন, ‘এখন তারা হাজার হাজার লোক মারা গেছে, চাঁদে সাঈদীকে দেখা গেছে বিভিন্নভাবে অপপ্রচার চালাচ্ছে। আমরা জনগণকে বলছি, নিজেদের বিচারবুদ্ধি প্রয়োগ করে এসব তথ্য যাচাই করুন।’ তিনি আলেমদের প্রতি আহ্বান জানান, ‘আপনারা ভুল পথে চলবেন না।’

শহীদুল হক দাবি করেন, খুবই সতর্কতার সঙ্গে অমারণাস্ত্র (নন লেথাল উইপন) ব্যবহার করে এই অভিযান চালানো হয়েছে, যাতে একজন মানুষেরও কোনো ক্ষতি না হয়। কিন্তু এই অভিযানের প্রশংসা না করে সব জায়গায় সমালোচনা করা হয়েছে। আপনারা দেখেন মিসরে কীভাবে সেনাবাহিনী মারণাস্ত্র ব্যবহার করেছে। আমাদের এখানে সে রকম কিছু হয়নি।’