৫ মের ঘটনা নিয়ে সরকার মিথ্যা তথ্য প্রচার করছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হেফাজতে ইসলাম বাংলাদেশ অভিযোগ করেছে, ঢাকার শাপলা চত্বরের অভিযানে গত ৫ মের ‘গণহত্যা’ নিয়ে সরকার মিথ্যা তথ্য প্রচার করছে। সংগঠনটির দাবি, এ নিয়ে সর্বশেষ গত বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে পুলিশের ভারপ্রাপ্ত মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক যে বক্তব্য দিয়েছেন, সেটাও ‘মিথ্যা’ ও ‘বিভ্রান্তিকর’।

গতকাল শুক্রবার হেফাজতের দেওয়া এক বিবৃতিতে এ দাবি করা হয়। সংগঠনের  মহাসচিব জুনাইদ বাবুনগরী, নায়েবে আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী, শামসুল আলম, মুফতি ইজহারুল ইসলাম চৌধুরী প্রমুখ এ বিবৃতি দেন।

বিবৃতিতে বলা হয়, ৫ মে রাতের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি করে হতাহতের সঠিক তথ্য তুলে ধরার জন্য হেফাজতে ইসলাম সরকারের কাছে দাবি জানিয়ে আসছে। সরকার তা না করে হেফাজতের বিরুদ্ধে অসত্য ও বানোয়াট তথ্য প্রচার করছে। প্রধানমন্ত্রী, কতিপয় মন্ত্রী-সাংসদ ও প্রশাসনের কিছু কর্মকর্তা শাপলা চত্বরের ‘গণহত্যা’ নিয়ে নিয়মিত মিথ্যাচার করছেন। এরই ধারাবাহিকতায় পুলিশের ভারপ্রাপ্ত আইজিপি সংবাদ সম্মেলন করে জাতিকে বিভ্রান্ত করার আরেকটি নজির স্থাপন করেছেন।

হেফাজতের নেতা-কর্মীরা কোরআন শরিফ ও ব্যাংকের বুথে আগুন দিয়েছেন বলে বৃহস্পতিবার ভারপ্রাপ্ত আইজিপি যে বক্তব্য দিয়েছেন, সেটাকে নাকচ করে হেফাজতের বিবৃতিতে দাবি করা হয়, ওই দিন বায়তুল মোকাররম মসজিদের পাশে আওয়ামী লীগের সন্ত্রাসীরা কোরআন শরিফ পুড়িয়েছে, মসজিদে আগুন দিয়েছে। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। টেলিভিশনের ফুটেজ ধরে অভিযান চালালে হেফাজতের কর্মীরা নয়, সরকার-সমর্থক সন্ত্রাসীরা ধরা পড়বে।

বিবৃতিতে দাবি করা হয়, ৫ মে রাতে যৌথ বাহিনীর আক্রমণে আহত দেড় হাজারের বেশি হেফাজতের নেতা-কর্মী ও সমর্থক দেশের বিভিন্ন স্থানে চিকিত্সাধীন রয়েছেন। অনেকে চিরদিনের জন্য পঙ্গু, অন্ধ ও বধির হয়ে গেছেন।