‘পৃথিবীর সবকিছু বদলে যায়, বদলায় না শুধুই মা’ স্লোগান সামনে রেখে যশোর টাউন হল মাঠে দুই দিনব্যাপী বিশ্ব মা দিবসের অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।
গতকাল শনিবার বিকেলে বেলুন-ফেস্টুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন যশোর জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি রুনা লায়লা। বিশ্ব মা দিবস উদ্যাপন পর্ষদ যশোরের আয়োজনে এ অনুষ্ঠান করা হচ্ছে। উদ্যাপন পর্ষদের আহ্বায়ক ও বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য হাবীবা শেফার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন প্রবীণ শিক্ষাবিদ তারাপদ দাস ও মোস্তাফিজুর রহমান, যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক শেখ রবিউল আলম, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজেদ রহমান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উদ্যাপন পর্ষদের সদস্যসচিব রওশন আরা রাসু।
অনুষ্ঠানে মায়েরা কবিতা পাঠ ও জীবনের স্মরণীয় গল্প বলেন। পরে শেকড় যশোর ও নৃত্যবিতানের শিল্পীরা নৃত্য পরিবেশন করেন। যশোরের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা গান ও কবিতা আবৃত্তি করেন। আজ রোববার একই মঞ্চে পাঁচজন রত্নগর্ভা মাকে সম্মাননা জানানো হবে। এ সময় তাঁদের হাতে ক্রেস্ট ও উত্তরীয় পরিয়ে দেওয়া হবে। এ দিন মায়েদের নিয়ে খেলা অনুষ্ঠিত হবে এবং তাঁদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে। সবশেষে সংগীত পরিবেশন করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমি ঢাকার শিল্পী আলমীনা রহমান।