৫ রেস্তোরাঁকে জরিমানা
অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি এবং বিক্রির দায়ে পাঁচটি রেস্তোরাঁকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার নগরের খুলশী ও ঝাউতলা এলাকায় এই অভিযান চালানো হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় সহকারী পরিচালক বিকাশ চন্দ্র দাশ অভিযানে নেতৃত্ব দেন। এ সময় চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ফয়জুল্লাহ উপস্থিত ছিলেন।
বিকাশ চন্দ্র দাশ বলেন, ওই পাঁচটি রেস্তোরাঁর পরিবেশ খুব খারাপ ছিল। তাবা রেস্তোরাঁয় পচা-বাসি মাংস এবং খাবারের মধ্যে তেলাপোকা পাওয়া গেছে। এ ছাড়া তাহেরিয়া রেস্তোরাঁর ফ্রিজে ছিল পচা মাংস। এসব কারণে রেস্তোরাঁগুলোকে জরিমানা করা হয়।
সূত্র জানায়, খুলশী এলাকার তাবা রেস্তোরাঁকে ১০ হাজার টাকা, তাহেরিয়া হোটেল অ্যান্ড রেস্তোরাঁকে ৩০ হাজার টাকা, আলী ইমাম হোটেলকে ৫ হাজার টাকা, শাহজালাল সুইটস অ্যান্ড কনফেকশনারিকে ৫ হাজার টাকা, ঝাউতলা বাজারের আবু হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ওজনে কম দেওয়ায় একই বাজারের এরশাদের মাংসের দোকানকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।