৫ লাখ টাকা মুক্তিপণ দাবি রায়পুরে অপহূতকে উদ্ধার
লক্ষ্মীপুরের রায়পুর শহরের মধুপুর এলাকা থেকে গতকাল শনিবার বেলা ১১টার দিকে অপহূত শাহাদাত হোসেনকে (৩০) উদ্ধার করেছে পুলিশ।
অপহরণকারীরা একটি সুপারিবাগানে তাঁকে হাত-পা বেঁধে রেখেছিল। এ ঘটনায় জড়িত থাকায় মো. স্বপন ও মো. লিটন হোসেন নামের দুজনকে আটক করা হয়েছে।
লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতা গ্রাম থেকে গত শুক্রবার সন্ধ্যায় জোর করে মাইক্রোবাসে তুলে শাহাদাতকে অপহরণ করে রায়পুরে নিয়ে আসা হয়। পরে অপহরণকারীরা মুঠোফোনে পরিবারের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
অপহরণের শিকার শাহাদাত হোসেন জানান, শুক্রবার সন্ধ্যায় চররুহিতা ইউনিয়নের সমিতির বাজারসংলগ্ন বেড়িবাঁধে বসে দুই বন্ধুর সঙ্গে কথা বলছিলেন। এ সময় মো. স্বপন ও মো. লিটন হোসেনের নেতৃত্বে ১০-১২ জনের সশস্ত্র একটি দল তাঁকে জোর করে মাইক্রোবাসে তুলে রায়পুর পৌরসভার মধুপুর গ্রামের নির্জন সুপারিবাগানে এনে হাত-পা বেঁধে আটকে রাখে। পরে তাঁর কাছ থেকে অপহরণকারীরা পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এ সময় খালি কয়েকটি স্ট্যাম্পে তাঁর কাছ থেকে স্বাক্ষর নেওয়া হয়। মুক্তিপণের টাকা না দিলে তাঁকে হত্যা করার হুমকি দেয় অপহরণকারীরা। এ ঘটনা তাঁর পরিবার পুলিশকে অবহিত করলে তারা অভিযান চালিয়ে মধুপুর গ্রাম থেকে হাত-পা বাঁধা অবস্থায় তাঁকে উদ্ধার করে রায়পুর থানায় নিয়ে আসে।
রায়পুর থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।