শিক্ষার শহর হিসেবে খ্যাত ময়মনসিংহ এখন যানজটের শহরে পরিণত হয়েছে। তবে শহরের পাঁচ লাখ বাসিন্দার চলাচলের জন্য কোনো গণপরিবহন বা বাস-মিনিবাস নেই। আছে অনুমোদিত ও অননুমোদিত অসম গতির নানা কিসিমের যানবাহন।
ময়মনসিংহ পৌরসভার অনুমোদিত রিকশার সংখ্যা প্রায় আট হাজার। অনুমোদিত ইজিবাইকের সংখ্যা ৭৪৫টি হলেও চলাচল করছে ছয় হাজারের ওপর। সম্প্রতি যোগ হয়েছে বেশ কিছু ব্যাটারিচালিত রিকশা।
গতকাল শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে যানজট কম থাকার কথা। তারপরও বিকেলে পাটগুদাম মোড়ে গিয়ে দেখা যায়, সিএনজিচালিত অটোরিকশা, মাহিন্দ্রা, ইজিবাইক ও বাস-মিনিবাসে ঠাসাঠাসি। শম্ভুগঞ্জ সেতু পার হয়ে ময়মনসিংহের বিভিন্ন উপজেলার পাশাপাশি শেরপুর, নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলা থেকে আসা ঢাকাগামী সব পরিবহনকে এই মোড় পার হয়ে যেতে হয়। একইভাবে ঢাকা থেকে আসা ও ময়মনসিংহ থেকে পূর্ব দিকগামী বাস-মিনিবাসগুলোও এখানে ভিড় করে। পাটগুদাম বাস টার্মিনাল ও পার্শ্ববর্তী রাস্তার অনেকটাই দখল হয়ে গেছে অবৈধ দোকান ও স্থাপনায়। যাত্রীদের দাঁড়ানোরও সুযোগ নেই। ফলে টার্মিনাল এলাকায় সৃষ্টি হয় অসহনীয় যানজট। বাস টার্মিনালের অবস্থাও অত্যন্ত¯ বেহাল। এরই মধ্যে যাত্রী নিয়ে পরিবহনকর্মীদের টানাহেঁচড়ায় যাত্রীরা নিয়ত নাজেহাল হয়।
এ দৃশ্য কেবল পাটগুদাম মোড়ের নয়, শহরের স্টেশন রোড, গাঙ্গিনারপার, নতুন বাজার, চরপাড়া, জিলা স্কুল মোড়, পুরাতন ফুলবািড়য়া বাসস্ট্যান্ড, ত্রিশাল বাসস্ট্যান্ড, নতুন বাজার রেলক্রসিং এলাকায়ও কমবেশি যানজট লেগে আছে।
পাটগুদাম মোড় থেকে ফিরে আসার পথে শহরের পরিবহনব্যবস্থায় চরম বিশৃঙ্খলা লক্ষ করা যায়। প্যাডেলটানা রিকশাকে পেছনে হটিয়ে দিচ্ছে ব্যাটারিচালিত রিকশা। ব্যাটারিচালিত রিকশাকে টেক্কা দিচ্ছে ইজিবাইক। যত্রতত্র থামছে বাহনগুলো, নামছে যাত্রীরা। ফলে দুর্ঘটনার শঙ্কাও থাকছে।
শহরজুড়ে রাস্তাঘাটগুলো বেহাল, কোথাও খোয়া ওঠা, কোথাও খানাখন্দে ভরা। অনেক জায়গায় দেখা গেছে, রাস্তার পাশে ময়লা-আবর্জনার স্তূপ। এ ব্যাপারে একজন দোকানির দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, শুক্রবার বলে আবর্জনা কম দেখছেন। অন্যদিন হলে আরও বেশি দেখতেন।
ময়মনসিংহ পৌরসভার মেয়র মো. ইকরামুল হক প্রথম আলোর সঙ্গে আলাপকালে বলেন, অন্যান্য বছরের তুলনায় এ বছর বেশি বৃষ্টি হয়েছে। কয়েক দফা টানা বর্ষণে শহরের রাস্তাঘাটের ব্যাপক ক্ষতি হয়েছে। যে মাত্রার ক্ষতি হয়েছে, তা পৌরসভার পক্ষে এককভাবে মেরামত করা সম্ভব হবে না। এ জন্য সরকারের সহযোগিতা প্রয়োজন।
শহরের পরিবহন সমস্যা সম্পর্কে ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলনের সাধারণ সম্পাদক নুরুল আমিন বলেন, ‘অবৈধ যানবাহন চলাচলের কারণে শহরে যানজটের সৃষ্টি হয়। গণপরিবহন না থাকায় শহরবাসীকে দুর্ভোগে পড়তে হয়।’ উল্লেখ্য, ২০০৭ সালে ময়মনসিংহ শহরে ‘টাউন সার্ভিস’ নামে কিছু মিনিবাস নামানো হয়েছিল। কিন্তু টেম্পোমালিক ও চালকদের প্রতিরোধের মুখে বছর খানেক পর তা বন্ধ হয়ে যায়। শহরে বাস-মিনিবাস না থাকায় সবচেয়ে বেশি সমস্যায় পড়েন শিক্ষার্থী, অভিভাবক ও চাকরিজীবীরা।
ময়মনসিংহ শহরের সবচেয়ে বড় শিক্ষাপ্রতিষ্ঠান আনন্দ মোহন কলেজ। এই প্রতিষ্ঠানে প্রায় ৩২ হাজার শিক্ষার্থী থাকলেও তাঁদের জন্য রয়েছে মাত্র একটি বাস। আনন্দ মোহন কলেজের অধ্যক্ষ জাকির হোসেন বলেন, ‘এত বিপুলসংখ্যক শিক্ষার্থীর জন্য একটি বাস খুবই অপ্রতুল। আমরা বাস বাড়ানোর জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানিয়েছি।’
শহরের যানজট সম্পর্কে অভিভাবক জাকিয়া সুলতানা বলেন, রিকশাভাড়া অনেক বেশি হওয়ায় ইজিবাইকে যাতায়াত করতে হয়। যদিও ইজিবাইকের কারণে শহরে অনেক যানজটের সৃষ্টি হয়। গণপরিবহন থাকলে এ সমস্যা থেকে রেহাই পাওয়া যেত।
বেসরকারি ব্যাংকের কর্মকর্তা ওয়াহিদ ইমন বলেন, শহরের লোকসংখ্যা বেড়েছে। অতএব টাউন সার্ভিস হওয়া জরুরি। তবে তার আগে রাস্তাঘাটগুলো আরও প্রশস্ত করতে হবে।
শহরে বাস-মিনিবাস না চললেও যাত্রীদের সঙ্গে অন্যান্য পরিবহনকর্মীদের ভাড়া নিয়ে বচসার ঘটনা ঘটছে। গতকাল পাটগুদাম এলাকা থেকে একটি ইজিবাইকে আমাদের সঙ্গে আরও কয়েকজন যাত্রী ছিলেন। তাঁরা বিদ্যমান হারে ভাড়া দিতে গেলে চালক বললেন, ভাড়া বেড়েছে। তাঁরা জিজ্ঞেস করলেন, কবে বেড়েছে? চালক বললেন, পাঁচ দিন আগে। শেষ পর্যন্ত¯চালকের দাবি অনুযায়ী ভাড়া গুনতে হলো ওই যাত্রীদের।
ইজিবাইক চালকের জন্য ইজি হলেও যাত্রীর জন্য ইজি নয়।