
পরিকল্পিত ও পরিচ্ছন্ন নগর গড়ে তোলার কাজে পদে পদে সমস্যার সম্মুখীন হচ্ছেন বলে জানালেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। মন্ত্রণালয়ের কিছু কর্মকর্তাকে ৫ শতাংশ করে দিতে রাজি না হওয়ায় করপোরেশনের জন্য পর্যাপ্ত বরাদ্দ পাননি বলেও অভিযোগ করেন তিনি। প্রকল্প পাস হওয়ার পর মন্ত্রণালয়ের অর্থছাড়ের দীর্ঘসূত্রতার সমালোচনাও করেন তিনি।
গতকাল বুধবার নগরের থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে ‘চট্টগ্রাম নগর সংলাপ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র আ জ ম নাছির এসব কথা বলেন। বিভিন্ন সমাজ উন্নয়ন সংস্থা ও সংগঠন যৌথভাবে এ সংলাপের আয়োজন করে। অনুষ্ঠানে মন্ত্রণালয়ের অসহযোগিতার বিষয়ে ক্ষোভ ঝাড়লেও কোনো মন্ত্রণালয়ের নাম উল্লেখ করেননি তিনি।
অনুষ্ঠানে মেয়র নাছির বলেন, ‘নগরের উন্নয়নের জন্য আমার চেষ্টা ও আন্তরিকতার কোনো ঘাটতি নেই। কিন্তু এখানে অনেকের সহযোগিতা প্রয়োজন। আমাকে বলা হলো, করপোরেশনের জন্য যত টাকা চাই দেওয়া হবে থোক বরাদ্দ হিসেবে, তবে তার জন্য ৫ শতাংশ করে দিতে হবে। আমি বললাম, এই টাকা কোথায় পাব? বললেন, ঠিকাদারের কাছ থেকে ম্যানেজ করেন। তখন আমি বললাম, এটা পত্রিকায় নিউজ হবে না? ঠিকাদারও তো আমাকে চোর ভাববে? আমি কীভাবে নেব? কেন নেব? আমি কি এটা লিখে দিতে পারব যে মন্ত্রণালয়ে দিতে হবে এই জন্য ৫ শতাংশ করে টাকা কাটব? তখন বলে যে, না এটা বলা যাবে না। আপনি ম্যানেজ করেন। আমি বললাম, না এটা পারব না। বলল, তাহলে হবে না। এ কারণে আমি শুধু ৮০ কোটি টাকা বরাদ্দ পেলাম। যদি ৫ শতাংশ করে দিতে পারতাম, তাহলে ৩০০ থেকে ৩৫০ কোটি টাকা আনতে পারতাম।’ তিনি বলেন, কয়েক দিন আগে একজন যুগ্ম সচিব মেয়রের সব কাজে সহযোগিতা করার আশ্বাস দেন। তবে বিনিময়ে তিনি একটি পাজেরো গাড়ি চেয়েছেন তাঁর কাছে।
একটি প্রকল্প একনেকে অনুমোদন হওয়ার পর সেটির প্রশাসনিক অনুমোদন পেতে দীর্ঘসূত্রতার সমালোচনা করেন মেয়র। তিনি বলেন, বহদ্দারহাটের বাড়ইপাড়া থেকে কর্ণফুলী পর্যন্ত নতুন খাল খনন প্রকল্প একনেকে পাস হয়েছে অনেক আগে। এরপরও এর প্রশাসনিক অনুমোদন পেতে অনেক সময় চলে যাচ্ছে। ২০১৭ সালের জুনে এটির মেয়াদ শেষ হবে। আর দুই মাস পরই লেখালেখি শুরু হবে, মেয়র ব্যর্থ। কিন্তু অর্থ মন্ত্রণালয় টাকা ছাড় না দিলে কী করার আছে?
সিটি করপোরেশনের সচিব মো. আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান আবদুচ ছালাম, চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফজলুল্লাহ, বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স চট্টগ্রাম চ্যাপ্টারের সভাপতি আলী আশরাফ, বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রিজিওনাল ফিল্ড ডিরেক্টর অঞ্জলী জাসিন্তা কস্তা ও ব্র্যাকের পরিচালক কে এ এম মোর্শেদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আয়োজক কমিটির আহ্বায়ক ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এডিপি ম্যানেজার শ্যামল ফ্রান্সিস রোজারিও। অনুষ্ঠানে শিশু সুরক্ষা ও উন্নয়ন বিষয়ে স্থপতি জেরিনা হোসাইন, পানি, পয়োনিষ্কাশন ও পরিচ্ছন্নতা বিষয়ে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) অধ্যাপক স্বপন কুমার পালিত এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে চুয়েটের প্রভাষক সৌরভ দাশ প্রবন্ধ উপস্থাপন করেন।
অনুষ্ঠানে নিরাপদ পানি ও পয়োনিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করা, বিল্ডিং কোড মেনে স্থাপনা তৈরি, জনগণের অভ্যাস পরিবর্তনে উদ্যোগ, আবাসিক এলাকায় বাণিজ্যিক-শিল্প স্থাপনা না করা, নারীদের জন্য পৃথক গণশৌচাগারের ব্যবস্থা করা, বিনোদনের জন্য বিভিন্ন প্রকল্প গ্রহণ, শিশুশ্রম হ্রাস, শিশুদের বিদ্যালয় থেকে ঝরে পড়া কমানো, পাহাড় কাটা বন্ধ করা ও বিভিন্ন দপ্তরের মধ্যে কাজের সমন্বয় করার দাবি জানানো হয়।