নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোকে রাষ্ট্রীয়ভাবে আর্থিক অনুদান দেওয়ার জন্য আইনের খসড়া চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। প্রস্তাবিত আইন অনুযায়ী কোনো রাজনৈতিক দল আগের নির্বাচনে ন্যূনতম ৫ শতাংশ ভোট পেলে সেই দল অনুদান পাবে। অনুদান পাওয়া দল ও প্রার্থীর নির্বাচনী ব্যয়ের হিসাব নিরীক্ষা (অডিট) করবে মহাহিসাব নিরীক্ষকের (সিএজি) দপ্তর। হিসাবে অনিয়ম পাওয়া গেলে সংশ্লিষ্ট দল বা প্রার্থীর অনুকূলে বরাদ্দ করা অর্থ সম্পূর্ণ বা আংশিক বাতিল করা হবে বলে প্রস্তাবিত বিধানে বলা আছে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে। গত জাতীয় সংসদ নির্বাচনে একমাত্র আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি ৫ শতাংশ বা তার বেশি ভোট পেয়েছে। এ হিসেবে আইনটি কার্যকর রূপ পেলে তিনটি দল ছাড়া অবশিষ্ট দলগুলো রাষ্ট্রীয় অনুদান পাবে না। আগামী ৭ জুন থেকে নির্বাচন কমিশন নির্বাচনী আইন সংস্কারের জন্য ৩৮টি নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শুরু করবে। সংলাপে ‘নির্বাচনী প্রচারণা ব্যয় (জন তহবিল) আইন ২০১১’ শীর্ষক এই খসড়া আইনটি দলগুলোর কাছে উপস্থাপন করা হবে।তহবিল পাওয়ার যোগ্যতা: প্রস্তাবিত আইনে তহবিল পাওয়ার যোগ্যতা সম্পর্কে বলা হয়েছে, দলীয় প্রতীক নিয়ে আগের সংসদ নির্বাচনে অংশ নেওয়া আসনের মোট প্রদত্ত ভোটের ৫ শতাংশ ভোট পেলে সংশ্লিষ্ট নিবন্ধিত দল তহবিল পাওয়ার যোগ্য হবে। স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে প্রার্থী আগের নির্বাচনে যে আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, সেই আসনের প্রদত্ত ভোটের ৫ শতাংশ ভোট পেতে হবে। নতুন করে যাঁরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন, তাঁদের ১ শতাংশ ভোটারের সমর্থন নিতে হবে।প্রস্তাবিত আইনে আরও বলা আছে, তহবিল পাওয়ার জন্য রাজনৈতিক দলের প্রধান ও সাধারণ সম্পাদক বা তাঁদের সমপদমর্যাদাধারী এবং স্বতন্ত্র প্রার্থীকে নিজ স্বাক্ষরে নির্বাচন কমিশনে আবেদন করতে হবে। তহবিলের পরিমাণ নির্ধারণ: আগের সংসদ নির্বাচনে যে দল যত আসন পেয়েছে এবং আসনগুলোতে যে পরিমাণ টাকা ব্যয় হয়েছে, তা নির্ধারণ করে কেবল সেই সব আসনের জন্য অর্থ বরাদ্দ করা হবে বলে প্রস্তাবিত আইনে বলা আছে। তবে ৫ শতাংশ বা তার বেশি ভোট পেয়ে কোনো দল একটি আসনও না পেলে সেই দল তহবিল পাবে কি না, সে সম্পর্কে প্রস্তাবিত আইনে কিছু বলা নেই বলে জানা গেছে।তহবিল নিরীক্ষা: প্রস্তাবে বলা আছে, তহবিল থেকে বরাদ্দ পাওয়া দল ও স্বতন্ত্র প্রার্থীকে নির্বাচনী ব্যয়ের হিসাব সংরক্ষণ করতে হবে। নির্বাচিত প্রার্থীর নাম গেজেটে প্রকাশের ৯০ দিনের মধ্যে দল ও প্রার্থীকে তহবিল থেকে বরাদ্দ পাওয়া ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে জমা দিতে হবে। রাজনৈতিক দল ও প্রার্থীর জমা দেওয়া এই হিসাব সিএজি দপ্তরের মাধ্যমে অডিট করানো হবে। কোনো দল বা প্রার্থী তহবিল পাওয়ার পর আইনের কোনো শর্ত ভঙ্গ করলে কমিশন সেই দল বা প্রার্থীর বরাদ্দ সম্পূর্ণ বা আংশিক বাতিল করতে পারবে।নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বলেন, নির্বাচনে কালো টাকার প্রভাব বন্ধ করার জন্য এ ধরনের আইন করার প্রস্তাব করা হচ্ছে। খসড়া আইনে যদি কোনো ধরনের অসঙ্গতি থাকে, সেটা দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে ঠিক করে নেওয়া হবে।