৫ হাজার কোটি টাকায় জলাবদ্ধতার স্থায়ী সমাধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা সমস্যা রাতারাতি নিরসন করা সম্ভব নয়। এ সক্ষমতাও সিটি করপোরেশনের নেই। এ জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করতে হবে। এ সমস্যা স্থায়ীভাবে সমাধান করতে হলে প্রায় পাঁচ হাজার কোটি টাকা প্রয়োজন (জায়গা অধিগ্রহণ ব্যয় ছাড়া) এবং এ প্রকল্প বাস্তবায়ন করতে চার বছর সময় লাগবে।

চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা নিরসনে চীনা প্রতিষ্ঠান ‘পাওয়ার চায়না’র করা সম্ভাব্যতা সমীক্ষা প্রতিবেদন (ফিজিবিলিটি স্টাডি রিপোর্ট) হস্তান্তর অনুষ্ঠানে মেয়র এসব কথা বলেন। আজ রোববার বিকেলে চট্টগ্রামের আন্দরকিল্লায় নগর ভবনের সম্মেলনকক্ষে এ অনুষ্ঠান হয়।

সিটি করপোরেশন সূত্র জানায়, পাওয়ার চায়না গত ১০ মাস ধরে নগরের বিভিন্ন স্থানে জরিপ চালিয়ে সম্ভাব্যতা সমীক্ষা প্রতিবেদন তৈরি করেছে। এতে চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা সমস্যা কীভাবে নিরসন করা যায়, তা তুলে ধরা হয়েছে। এ প্রতিবেদন তৈরিতে প্রতিষ্ঠানটি নিজস্ব তহবিল থেকে প্রায় ৪৭ কোটি টাকা ব্যয় করে।

জলাবদ্ধতা সমস্যা উত্তরাধিকার সূত্রে পেয়েছেন বলে মন্তব্য করেছেন মেয়র আ জ ম নাছির। দায়িত্ব নেওয়ার পর থেকে এ সমস্যা দূর করতে স্বল্প ও দীর্ঘমেয়াদি বিভিন্ন পদক্ষেপ ও পরিকল্পনা নিয়েছেন বলে জানান তিনি।

নগরের খাল-নালা দখল ও ভরাট, জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জনসচেতনতার অভাব এবং ড্রেনেজ মহাপরিকল্পনা অনুযায়ী ব্যবস্থা না নেওয়ায় জলাবদ্ধতা সমস্যা বর্তমানে প্রকট আকার ধারণ করেছে বলে দাবি করেছেন মেয়র আ জ ম নাছির উদ্দীন। তিনি বলেন, পাওয়ার চায়নার করা সম্ভাব্যতা যাচাই প্রতিবেদন অনুযায়ী নগরের জলাবদ্ধতা নিরসনে পাঁচ হাজার কোটি টাকার একটি প্রকল্প নিতে হবে। এই প্রকল্পের আওতায় কর্ণফুলী নদীর সঙ্গে যুক্ত নগরের বিভিন্ন খালের মুখে পাম্প হাউসসহ জলকপাট (স্লুইসগেট) নির্মাণ, কর্ণফুলী নদীর তীরে শাহ আমানত সেতু থেকে কালুরঘাট সেতু পর্যন্ত বাঁধসহ রাস্তা নির্মাণ এবং নগরের সব কটি খাল খনন করা হবে।

প্রকল্পের অর্থায়ন প্রসঙ্গে জানতে চাইলে মেয়র সাংবাদিকদের জানান, বাংলাদেশ ও চীন সরকারের মধ্যে জিটুজি (সরকার টু সরকার) পদ্ধতিতে ‘চট্টগ্রাম নগরের বন্যা নিয়ন্ত্রণ ও জলাবদ্ধতা ব্যবস্থাপনা পদ্ধতি’ নামের এই প্রকল্পে অর্থায়ন করা হবে। অনুমোদনের জন্য সিটি করপোরেশনের পক্ষ থেকে এ প্রকল্প স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হবে। প্রকল্পটি অনুমোদন হওয়ার পর কাজ শুরু করতে অন্তত এক বছর এবং কাজ শুরু থেকে শেষ করতে তিন বছর সময় লাগবে। নগরের জলাবদ্ধতা নিরসনে এ প্রকল্প বাস্তবায়নের বিকল্প নেই বলে জানান তিনি।

অনুষ্ঠানে বক্তব্য দেন পাওয়ার চায়নার বিজনেস ডেভেলপার হান কোন, চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমদ, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান নগর পরিকল্পনাবিদ শাহীন উল ইসলাম খান, পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী মো. হুমায়ুন কবির।