প্রয়োজনীয় শিক্ষক না থাকায় সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার ১৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিন সহস্রাধিক শিক্ষার্থীর পাঠদান ব্যাহত হচ্ছে। এর মধ্যে পাঁচটি বিদ্যালয়ে মাত্র একজন করে ও ১৩টি বিদ্যালয়ে দুজন করে শিক্ষক আছেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্র জানায়, উপজেলায় ৯৮টি সরকারি ও ৮৭টি নবঘোষিত সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। শিক্ষকের তিনটি পদ থাকলেও দীর্ঘদিন ধরে কলুমা মাছুয়াকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোনো শিক্ষকই নেই।
মাছুয়াকান্দা, খলাপাড়া, আটাইশা মাছিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিনজন করে শিক্ষকের পদ থাকলেও কর্মরত আছেন একজন করে। চারজন শিক্ষকের পদ থাকলেও দুজন করে কর্মরত আছেন দিগজান, চাপাইতি, রামদীঘা, বাখরপুর, সাদীপুর, নূরপুর, আমজোড়া, মামুদনগর ও বগারপাছুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। জমশেরপুর ও প্রতাপপুর সরকারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিনজনের মধ্যে দুজন করে কর্মরত আছেন। রাঙামাটি, বাগবাড়ী ও বালিজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঁচজনের মধ্যে আছেন দুজন করে। মে মাসের দ্বিতীয় সপ্তাহে কলুমা মাছুয়াকান্দা, মাছুয়াকান্দা, আটাইশা মাছিমপুর ও খলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একজন করে সহকারী শিক্ষককে সংযুক্তি বদলি করা হয়। কলুমা মাছুয়াকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি হওয়া সহকারী শিক্ষক শারীরিক অসুস্থতা দেখিয়ে যোগ দেননি।
কলুমা মাছুয়াকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক (সংযুক্তি বদলি) নারায়ণ চন্দ্র তালুকদার বলেন, শিক্ষক না থাকায় এক বছর ধরে তাঁকে একাই সবকিছু সামাল দিতে হচ্ছে। এতে পাঠদান ব্যাহত হওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের উপস্থিতিও দিন দিন কমে যাচ্ছে।
দিগজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লায়লা আক্তার বলেন, বিদ্যালয়ে ২১৩ জন শিক্ষার্থী রয়েছে। গত আগস্ট থেকে তাঁকে একাই পাঠদান করতে হচ্ছে। এ অবস্থায় সুষ্ঠুভাবে পাঠদান করা সম্ভব হচ্ছে না। দাপ্তরিক কাজে উপজেলা সদরে গেলে বিদ্যালয়ে চলে অঘোষিত ছুটি। এ নিয়ে কর্তৃপক্ষকে জানালেও এখন পর্যন্ত সমস্যার সমাধান হয়নি।
খলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. হাসান মাসুদ বলেন, ‘একজন সহকারী শিক্ষককে এখানে সংযুক্তি বদলি করা হলেও তিনি নিয়মিত বিদ্যালয়ে আসেন না। আমি ১৫৩ জন শিক্ষার্থীকে দৌড়ে দৌড়ে ক্লাস করাচ্ছি।’
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রোকেয়া আক্তার খাতুন বলেন, এই উপজেলায় প্রধান শিক্ষকের ২৬টি ও সহকারী শিক্ষকের ৫৭টি পদ শূন্য রয়েছে। শিক্ষকসংকটের কারণে পাঠদান কিছুটা ব্যাহত হচ্ছে। সংযুক্তি বদলি হওয়া শিক্ষকদের নিয়মিত বিদ্যালয়ে না যাওয়ার বিষয়টি তাঁকে এত দিন কেউ জানায়নি। সমস্যা সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. হযরত আলী বলেন, ধরমপাশা হাওরবেষ্টিত উপজেলা। তাই এই উপজেলায় শিক্ষক নিয়োগের বিষয়টিকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হবে।