৫টিতে আ.লীগের, ৪টিতে বিএনপির 'বিদ্রোহী' প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরার শ্রীপুর উপজেলার আট ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে পাঁচটিতে আওয়ামী লীগের ও চারটিতে বিএনপির বিদ্রোহী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এসব ইউনিয়নে তৃতীয় ধাপে ২৩ এপ্রিল ভোট হবে।
নির্বাচন কার্যালয় ও দলীয় সূত্রে জানা গেছে, গয়েশপুর ইউনিয়নে আওয়ামী লীগ থেকে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বর্তমান চেয়ারম্যান আব্দুল হালিম মোল্লা, বিএনপি থেকে ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইয়াকুব আলী ও স্বতন্ত্র হিসেবে আওয়ামী লীগের নেতা ইউসুফ আলী মণ্ডল প্রার্থী হয়েছেন।
আমলসার ইউনিয়নে আওয়ামী লীগ থেকে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বর্তমান চেয়ারম্যান সেবানন্দ বিশ্বাস, বিএনপি থেকে মোখলেছুর রহমান সাবের, স্বতন্ত্র হিসেবে নূর ইসলাম, শাহানুর আলম খান ও শামসুন্নাহার বেগম নির্বাচন করছেন। বিএনপির প্রার্থী মোখলেছুর রহমান ও শামসুন্নাহার বেগম সম্পর্কে মা-ছেলে।
শ্রীকোল ইউনিয়নে আওয়ামী লীগ থেকে শ্রীপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এস এম মোস্তাসিম বিল্লাহ, বিএনপি থেকে উপজেলা বিএনপির সভাপতি আশরাফুল আলম জোয়ারদার, ইসলামী আন্দোলনের বাহার মিয়া এবং বর্তমান চেয়ারম্যান উপজেলা যুবলীগের সভাপতি কুতুবুল্লাহ হোসেন মিয়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
শ্রীপুর ইউনিয়নে আওয়ামী লীগ থেকে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বর্তমান চেয়ারম্যান মসিয়ার রহমান, বিএনপির থেকে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক, ইসলামী আন্দোলনের মো. মোস্তাফিজুর রহমান, স্বতন্ত্র হিসেবে বাবুল মিয়া ও শিকদার আলী নূর এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. আখেরুজ্জামান বিশ্বাস লড়াই করছেন।
দারিয়াপুর ইউনিয়নে আওয়ামী লীগ থেকে উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. জাকির হোসেন ওরফে কানন, বিএনপি থেকে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান, স্বতন্ত্র হিসেবে মো. আকতারুজ্জামান ও বিএনপির নেতা বর্তমান চেয়ারম্যান কাজী মহিদুল আলম মূহিত প্রতিদ্বন্দ্বিতা করছেন।
কাদিরপাড়া ইউনিয়নে আওয়ামী লীগ থেকে ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লিয়াকত আলী বিশ্বাস, বিএনপি থেকে ইউনিয়ন যুবদলের সভাপতি তিতাস আহমেদ এবং স্বতন্ত্র হিসেবে নূর উদ্দিন আহম্মেদ, সাংবাদিক আইয়ুব হোসেন খান ও সাবেক চেয়ারম্যান বিএনপির নেতা নূর আলম খান লড়ছেন।
সব্দালপুর ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান নূরুল হোসেন মোল্লা, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মো. ফারুখ আহমেদ এবং স্বতন্ত্র হিসেবে বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগের মো. সিরাজুল ইসলাম ও বিএনপির নেতা সাবেক চেয়ারম্যান মো. সমিরুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নাকোল ইউনিয়নে জেলা আওয়ামী লীগের ক্রীড়াবিষয়ক সম্পাদক হুমাউনুর রশিদ, ইউনিয়ন বিএনপির সভাপতি শরাফত হোসেন এবং স্বতন্ত্র হিসেবে বর্তমান চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মো. শাহজাহান মিয়া, ইসলামী আন্দোলনের আবু মুসা প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জেলা নির্বাচন কর্মকর্তা আহমেদ আলী বলেন, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে কিন্তু কেউ প্রার্থিতা প্রত্যাহার করেননি। ইউনিয়নগুলোতে চেয়ারম্যান পদে মোট ৩৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।