৫০ আসামির মামলা থেকে রেহাই পাওয়ার খবরে উদ্বেগ
চট্টগ্রামে ৫০ আসামির মামলা থেকে রেহাই পাওয়ার খবরে উদ্বেগ প্রকাশ করেছেন জ্যেষ্ঠ আইনজীবীসহ বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন। তাঁরা অবিলম্বে সন্ত্রাসীদের বিরুদ্ধে দায়ের হওয়া হত্যা মামলা প্রত্যাহারের সুপারিশ বাতিলের দাবি জানিয়েছেন সরকারের কাছে।
গতকাল সোমবার ‘চট্টগ্রামে ৫০ আসামি মামলা থেকে রেহাই পাচ্ছেন’ শিরোনামে প্রথম আলোতে প্রতিবেদন প্রকাশিত হয়।
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, ‘১৫ থেকে ২০ বছর হলেও হত্যা মামলাগুলোর সুরাহা হয়নি। এটা আইনের একটা বিচ্যুতি। আইনের সম্পূর্ণ অপপ্রয়োগ এবং আইনটি বাতিল করা উচিত। যে সরকার আসে, সেই সরকার আইনটির অপপ্রয়োগ করে থাকে। এভাবে মামলা প্রত্যাহার হতে থাকলে সমাজে অপরাধ প্রবণতা এবং রাজনৈতিক অপরাধ ব্যাপক হারে বাড়বে।’
সাবেক মহানগর পাবলিক প্রসিকিউটর ও বিএনপির নেতা আবদুস সাত্তার বলেন, ‘সন্ত্রাসীদের মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত দিয়ে সরকার নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি অবিচার করেছে। আদালত চাইলে মামলা প্রত্যাহারের আবেদন নাকচ করে দিতে পারেন। মানুষের শেষ আশ্রয়স্থল হলো আদালত। সরকার রাজনৈতিক দৃষ্টিকোণে বিচার করলেও আদালত ন্যায়বিচার করবেন বলে আশা করি।’
চট্টগ্রাম আদালতের সাবেক পাবলিক প্রসিকিউটর ও জ্যেষ্ঠ আইনজীবী কামরুল ইসলাম প্রথম আলোকে বিস্ময় প্রকাশ করে বলেন, ‘অপরাধী যে-ই হোক, তার বিচার হওয়া উচিত। রাজনৈতিক বিবেচনায় হত্যা মামলার আসামিরা পার পেয়ে গেলে খুন, রাহাজানি বাড়তে থাকবে সমাজে। ন্যায়বিচারবঞ্চিত হবেন নিহত ব্যক্তিদের পরিবার। সরকারের উচিত অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে মামলাগুলো সচল করা।’
জ্যেষ্ঠ আইনজীবী শফিউল মোরশেদ চৌধুরী বলেন, ‘সরকার একবারও চিন্তা করেনি নিহত ব্যক্তিদের পরিবারের আরজি। তারা তাকিয়ে আছে, কবে স্বজন হত্যার বিচার পাবে। বিচার তো পেলই না, উল্টো আসামিকে রেহাই দেওয়া হচ্ছে। দেশে আইনের শাসন বলে কিছুই থাকল না।’
গতকাল চট্টগ্রাম আদালতপাড়ায় শীর্ষ সন্ত্রাসী মাছ কাদেরসহ অন্য সন্ত্রাসীদের মামলা প্রত্যাহারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশ নিয়ে আইনজীবীসহ সর্বস্তরের মানুষের মুখে মুখে ছিল বিষয়টি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক বিচারপ্রার্থী বলেন, ‘থানায় মামলা করা, আদালতে দৌড়ঝাঁপ করে কী লাভ? সরকার চাইলে সন্ত্রাসীদের মামলা থেকে বাদ দিয়ে দিচ্ছে। দিনদুপুরে চাঁদা না পেয়ে মানুষ খুন করেছে। আর সরকার রাজনৈতিক বিবেচনায় মামলা প্রত্যাহার করছে।