৫০ ইউপি সচিবকে একযোগে বদলি!
>হঠাৎ একযোগে এই বদলিতে অসন্তোষ প্রকাশ করেছেন কর্মরত সচিবেরা। আবাসস্থল থেকে কর্ম এলাকার দূরত্ব বেড়ে যাওয়ায় অনেকেই পরিবার ও সন্তানদের স্কুল-কলেজ নিয়ে বিপাকে পড়েছেন
পাবনার ৯টি উপজেলার ৭৪টি ইউনিয়ন পরিষদের (ইউপি) ৫০ জন সচিবকে একযোগে বদলি করেছে জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখা। গত ২৮ জুন স্থানীয় সরকার শাখার ভারপ্রাপ্ত উপপরিচালক মুন্সী মো. মনিরুজ্জামান এ-সংক্রান্ত অফিস আদেশ জারি করেন। একই সঙ্গে নতুন নিয়োগপ্রাপ্ত ১১ জন সচিবকে নতুন কর্মস্থলে দেওয়া হয়েছে।
হঠাৎ করে একযোগে এই বদলিতে অসন্তোষ প্রকাশ করেছেন কর্মরত সচিবেরা। আবাসস্থল থেকে কর্ম এলাকার দূরত্ব বেড়ে যাওয়ায় অনেকেই পরিবার ও সন্তানদের স্কুল-কলেজ নিয়ে বিপাকে পড়েছেন। নতুন কয়েকজন ইউপি চেয়ারম্যান নাম প্রকাশ না করে জানিয়েছেন, দায়িত্ব নেওয়ার পরই সচিবদের বদলি তাঁদের জন্য সমস্যা তৈরি করেছে। কারণ, তাঁরা ইউপির বিষয়গুলো ভালো জানেন।
জেলা প্রশাসকের কার্যালয় ও অফিস আদেশ থেকে জানা যায়, ৯টি উপজেলায় মোট ৭৪টি ইউপি রয়েছে। এর ৫০টির সচিবদের একযোগে বদলি করা হয়েছে। প্রত্যেককে ১৪ জুলাইয়ের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ রয়েছে। যোগদানে ব্যর্থ হলে ১৭ জুলাই তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য হওয়ার কথা উল্লেখ রয়েছে। একই সঙ্গে নতুন নিয়োগপ্রাপ্ত ১১ জন সচিবকে নতুন কর্মস্থল দেওয়া হয়েছে। বদলিকৃত ৫০ সচিবের মধ্যে অধিকাংশেরই উপজেলা পরিবর্তন করা হয়েছে। যেমন চাটমোহর উপজেলার গুনাইগাছা ইউপির সচিব আবদুল আলীমকে দেওয়া হয়েছে আটঘরিয়া উপজেলার একদন্ত ইউপিতে, সাঁথিয়ার ক্ষেতুপাড়া ইউপির সচিব নজরুল ইসলামকে বদলি করা হয়েছে সুজানগর উপজেলার তাঁতিবন্ধ ইউপিতে এবং চাটমোহর উপজেলার ডিবিগ্রাম ইউপির আমিনুল ইসলামকে বদলি করা হয়েছে ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইউপিতে।
বদলির আদেশ পাওয়া ছয়-সাতজন সচিবের সঙ্গে কথা বলে জানা যায়, হঠাৎ করে এই বদলিতে তাঁরা চরম সমস্যায় পড়েছেন। আবাসস্থল থেকে কর্মস্থলের দূরত্ব বেড়ে যাওয়ায় অনেকেই পরিবার ও সন্তানদের নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন। যাতায়াত খরচ বেড়ে যাওয়ায় বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে। সচিবেরা যে বেতন পান, তা দিয়ে তাঁদের এই দূরত্বে কর্মস্থলে যাওয়া-আসা করা কঠিন হয়ে পড়ছে। বিষয়টি তাঁরা সংশ্লিষ্ট দপ্তরে জানিয়েছেন।
যোগাযোগ করা হলে ইউনিয়ন পরিষদ সচিব সমিতি পাবনা জেলা শাখার সহসভাপতি মিজানুর রহমান জানান, তাঁর বাসা জেলা শহরের পৈলানপুর মহল্লায়। তিনি সুজানগর উপজেলার দুলাই ইউপিতে ছিলেন। এখন দেওয়া হয়েছে সাঁথিয়া উপজেলার নাগ ডেমরা ইউপিতে। ফলে বেশ কিছু সমস্যায় পড়েছেন। কিন্তু চাকরির স্বার্থে নতুন কর্মস্থলে যোগদান করতে বাধ্য হয়েছেন।
সমিতির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বলেন, ‘বদলির বিষয়টি নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছিল। এই বদলিতে কিছু সমস্যা হবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমরা প্রজাতন্ত্রের ছোট কর্মচারী, এসব নিয়ে আমাদের কথা না বলাই ভালো।’
বদলির বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার ভারপ্রাপ্ত উপপরিচালক মুন্সী মো. মনিরুজ্জামান বলেন, বিধান অনুযায়ী একজন সরকারি কোনো কর্মকর্তা-কর্মচারী একই কর্মস্থলে তিন বছরের অধিক সময় থাকতে পারেন না। কিন্তু সচিবদের বেলায় নিয়মটি কার্যকর হচ্ছিল না। অনেকেই ৫ থেকে ২৫ বছর পর্যন্ত একই কর্মস্থলে ছিলেন। ফলে মন্ত্রণালয়ের নির্দেশে তাঁদের বদলি করা হয়েছে। এতে সচিবদের সাময়িক সমস্যা হবে হয়তো। কিন্তু সরকারি নিয়মনীতির মধ্যেও থাকতে হবে।