৫০ উপস্বাস্থ্যকেন্দ্রের স্থাপনা নেই আছেন ৪৮ জন চিকিৎসক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে বর্তমান সরকার ইউনিয়ন পর্যায়ে সরকারি এমবিবিএস চিকিৎসক নিয়োগ দিয়েছে। নিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রে অবস্থান করে চিকিৎসাসেবা দেওয়ার কথা। কিন্তু বেশির ভাগ ইউনিয়নে উপস্বাস্থ্যকেন্দ্রের অবকাঠামো বা স্থাপনা না থাকায় সরকারি এ উদ্যোগ ব্যাহত হচ্ছে। অবকাঠামো ঠিক না করে নিয়োগ দেওয়া হয়েছে চিকিৎসক। ফরিদপুরের আটটি উপজেলার ৭১টি ইউনিয়নের মধ্যে ৭০টিতে সহকারী সার্জন নিয়োগ দেওয়া হয়েছে। কিন্তু এগুলোর মধ্যে ৫০টি উপস্বাস্থ্যকেন্দ্রের অবকাঠামোই নেই। ৪৮ জন চিকিৎসক এই উপস্বাস্থ্যকেন্দ্রগুলোতে কর্মরত। গত বছর ১ জুলাই তাঁরা নিয়োগ পান। ফরিদপুর সদরের ১১টি ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রের মধ্যে অবকাঠামো নেই সাতটির। ওই সাতটি কেন্দ্রে কর্মরত আছেন সাতজন সহকারী সার্জন। ফরিদপুর সদরের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সৈয়দ মো. ফারুক জানান, আবকাঠামোহীন সাতটি উপস্বাস্থ্যকেন্দ্রের মধ্যে নর্থ চ্যানেলের চিকিৎসক সমীর কীর্ত্তনিয়া ফরিদপুর জেনারেল হাসপাতালে কাজ করছেন। বাকি ছয়জন পর্যায়ক্রমে বিভিন্ন কমিউনিটি ক্লিনিকে প্রতি মাসে এক দিন করে কাজ করেন। এ ছাড়া স্কুলে স্বাস্থ্যবিষয়ক বিভিন্ন শিক্ষা-কার্যক্রমে তাঁরা অংশ নেন।চরভদ্রাসন উপজেলার চারটি ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রের তিনটিতে কোনো অবকাঠামো নেই। অথচ ওই তিনটি কেন্দ্রের দায়িত্বে রয়েছেন তিনজন সহকারী সার্জন। তাঁরা কাজ করছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সদরপুর উপজেলায় সাতটির মধ্যে পাঁচটি উপস্বাস্থ্যকেন্দ্রে অবকাঠামো নেই। অবকাঠামোহীন ওই পাঁচটিতে কর্মরত আছেন পাঁচজন সহকারী সার্জন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শেখ জাহিদ হাসান জানান, চর নাসিরপুর উপস্বাস্থ্যকেন্দ্রের সহকারী সার্জন খান আবু দাউদ সপ্তাহে দুই দিন উপজেলা ইউপি ভবনে বসেন। কোনো ওষুধ বরাদ্দ নেই। শুধু রোগী দেখেন। চরমানাই উপস্বাস্থ্যকেন্দ্রের সাব্বির হোসেন সপ্তাহে তিন দিন ইউনিয়ন পরিবারকল্যাণ কেন্দ্রে বসেন। বাকি দিনগুলোতে এবং অন্য উপস্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসকেরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কাজ করেন।নগরকান্দা উপজেলার ১৫টি উপস্বাস্থ্যকেন্দ্রের ১০টিতে অবকাঠামো নেই। সেসব কেন্দ্রে কর্মরত আছেন ১০ জন সহকারী সার্জন। এই ১০ জনই বর্তমানে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কাজ করছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুনীল কুমার চক্রবর্তী বলেন, উপস্বাস্থ্যকেন্দ্রে অবকাঠামো না করে চিকিৎসক নিয়োগ দেওয়ায় এ সমস্যার সৃষ্টি হয়েছে। সরকারের উদ্দেশ্য ভালো। কিন্তু যেসব কেন্দ্রে অবকাঠামো নেই, সেখানে কর্মরত চিকিৎসকদের বসার জায়গা নেই এবং তাঁদের নামে কোনো ওষুধও বরাদ্দ দেওয়া হয়নি। এ জন্য তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে কাজ করানো হচ্ছে।ভাঙ্গার আটটি উপস্বাস্থ্যকেন্দ্রের একটিরও অবকাঠামো নেই। অথচ প্রতিটিতে কর্মরত আছেন একজন করে সহকারী সার্জন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. ইমরান আলী জানান, ওই আটজন সহকারী সার্জন ইউনিয়ন পর্যায়ের পরিবারকল্যাণ কেন্দ্রে সপ্তাহে এক দিন কাজ করেন। তবে ওষুধের বরাদ্দ না থাকায় এবং বসার জায়গা না থাকায় সমস্যা হচ্ছে। সপ্তাহের অন্য দিনগুলোতে তাঁরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কাজ করেন।বোয়ালমারীর ১১টির মধ্যে ছয়টিতে অবকাঠামো নেই। ওই ছয়টিতে কর্মরত আছেন ছয়জন সহকারী সার্জন। আলফাডাঙ্গার ছয়টি উপস্বাস্থ্যকেন্দ্রের মধ্যে অবকাঠামো নেই পাঁচটির। ওই পাঁচটির চারটিতে কর্মরত আছেন চারজন সহকারী সার্জন। তাঁরা কাজ করছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। মধুখালীর নয়টি উপস্বাস্থ্যকেন্দ্রের ছয়টিতে অবকাঠামো নেই। সহকারী সার্জন আছেন পাঁচটিতে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডালিয়া হালদার জানান, বাগাট উপস্বাস্থ্যকেন্দ্রের সহকারী সার্জন শারমিন ইসলাম সেখানকার পরিবারকল্যাণ কেন্দ্রে বসছেন। বাকিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কাজ করছেন।অবকাঠামো না থাকায় ঠিকমতো স্বাস্থ্যসেবা দেওয়া যাচ্ছে না স্বীকার করে ফরিদপুরের সিভিল সার্জন সিরাজুল হক তালুকদার প্রথম আলোকে বলেন, ২০০৫ সালের প্রজ্ঞাপন অনুযায়ী এই পদগুলো সৃষ্টি হয়েছে। ২০১৫ সালের মধ্যে এসব স্থাপনা নির্মাণ করা হবে। তার আগে যেসব জায়গায় স্থাপনা নেই সেখানকার চিকিৎসকেরা সুবিধাজনক জায়গায় অবস্থান করে চিকিৎসাসেবা দেবেন।