৫০ কম্বল বিতরণে মন্ত্রীর গাড়িবহর
গাজীপুরের টঙ্গী রেলওয়ে জংশনে গতকাল মঙ্গলবার আনসার ও ভিডিপি সদস্যদের মধ্যে ৫০টি কম্বল বিতরণ করা হয়। এ জন্য রেলওয়ে ও আনসারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে রেলমন্ত্রী মো. মুজিবুল হক প্রায় অর্ধশত গাড়ির বহর নিয়ে অনুষ্ঠানে আসেন। এ ঘটনায় অনেকে ক্ষোভ প্রকাশ করেন। কেউ কেউ হাসিঠাট্টাও করেন।
স্থানীয় বাসিন্দা ও টঙ্গী রেল জংশন সূত্র জানায়, গতকাল দুপুর ১২টায় টঙ্গী রেল জংশনে ‘অপারেশন রেল রক্ষা-২০১৩’ কর্মসূচির আওতায় রেলপথের নিরাপত্তায় নিয়োজিত আনসার ও ভিডিপি সদস্যদের মধ্যে ৫০টি কম্বল বিতরণ করা হয়। বাংলাদেশ রেলওয়ের ঢাকা রেঞ্জের পরিচালক মো. মাহাবুবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেলমন্ত্রী মো. মুজিবুল হক। কম্বল বিতরণের জন্য রেলমন্ত্রী ছাড়াও রেলওয়ে, আনসার ও ভিডিপির প্রায় ২০ জন ঊর্ধ্বতন কর্মকর্তা সরকারি খরচে গাড়িবহর নিয়ে অনুষ্ঠানে আসেন। শুধু তাই নয়; অনুষ্ঠানের জন্য আনসার ও ভিডিপির পক্ষ থেকে মঞ্চও তৈরি করা হয়। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এ নিয়ে অনেকে হাসিঠাট্টাও করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক রেল জংশনের পাশের একজন ব্যবসায়ী বলেন, মাত্র ৫০টি কম্বল বিতরণের জন্য সরকারি খরচে মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিশাল গাড়ির বহর না এসে ওই খরচের টাকা দিয়ে আনসার সদস্যদের পরিবারের জন্য ভালো কিছু করা যেত। তাঁর ধারণা, ৫০ কম্বল বিতরণে মন্ত্রী ও কর্মকর্তাদের পেছনে কয়েক লাখ টাকা খরচ করা হয়েছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাজীপুর-২ আসনের সাংসদ জাহিদ আহসান রাসেল, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল নাজিম উদ্দিন, অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জাহিদ আহসান, অতিরিক্ত মহাপরিচালক মো. জসিম উদ্দিন, উপপরিচালক (অপারেশন) এ কে এম মিজানুর রহমান, পরিচালক অঙ্গীবুতি, মো. সাহাবুদ্দিন, উপপরিচালক (ব্যাটালিয়ন) চৌধুরী হামিদ আল-মাহবুব, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মতিউর রহমান প্রমুখ।