৫০ কর্মচারী নিয়োগে রাজনৈতিক চাপ!
বরগুনায় স্বাস্থ্য বিভাগে চতুর্থ শ্রেণীর ৫০ জন কর্মচারী নিয়োগপ্রক্রিয়া স্থগিত হয়ে গেছে। নিয়োগ কমিটির সদস্য পদ থেকে অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) পদত্যাগ করায় গত শুক্রবার নিয়োগপ্রক্রিয়া স্থগিত করা হয়েছে বলে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন।জানা গেছে, নিয়োগে আর্থিক লেনদেন, অনিয়ম ও ক্ষমতাসীন দলের প্রভাবশালী নেতাদের অযাচিত হস্তক্ষেপের কারণে বিব্রত হয়ে নিয়োগ কমিটি থেকে পদত্যাগ করেন এডিসি। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এডিসি মো. আবদুল আলীম গত শুক্রবার নিয়োগ কমিটিতে দায়িত্ব পালনে অপারগতা জানিয়ে জেলা প্রশাসকের কাছে পদত্যাগপত্র দেন। পদত্যাগের কারণ হিসেবে তিনি নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে না পারার কথা উল্লেখ করেন। যোগাযোগ করা হলে এডিসি আবদুল আলীম বলেন, ‘নিয়োগ কমিটির সদস্য হিসেবে চাকরি প্রত্যাশীদের সঙ্গে ন্যায়বিচার করতে পারব না—এই আশঙ্কায় পদত্যাগ করেছি।’ বরগুনার জেলা প্রশাসক মো. মজিবুর রহমান বলেন, ‘নিয়োগ কমিটির প্রতিনিধিদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠায় আমার প্রতিনিধিকে সেখানে পাঠাইনি।’জেলা সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তারা জানান, জেলার পাঁচটি উপজেলায় স্বাস্থ্য বিভাগের আওতায় কনিষ্ঠ কারিগর (মেকানিক), পিয়ন, ওয়ার্ডবয়, আয়া, বাবুর্চি, নিরাপত্তা প্রহরী, মালী, সুইপার এবং জরুরি বিভাগ, অস্ত্রোপচার কক্ষ ও গবেষণাগার কর্মীসহ ৫০ জন চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগের জন্য সম্প্রতি বিজ্ঞপ্তি দেওয়া হয়। এসব পদের অনুকূলে প্রায় এক হাজার ১০০ জন আবেদন করেন। স্বাস্থ্য বিভাগের একটি সূত্র জানায়, নিয়োগ কমিটির সদস্যরা ২ থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত পর্যায়ক্রমে মৌখিক পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেন। গত বৃহস্পতিবার মৌখিক পরীক্ষা শুরুর পর ক্ষমতাসীন দলের কিছু প্রভাবশালী নেতার পক্ষ থেকে তাঁদের পছন্দের লোকদের নিয়োগ দিতে নানাভাবে চাপ ও তদ্বির আসতে থাকে। নাম গোপন রাখার শর্তে এক চাকরিপ্রার্থী বলেন, চাকরির জন্য ক্ষমতাসীন দলের একজনের সঙ্গে তিন লাখ টাকায় চুক্তি হয়েছে তাঁর। আগাম এক লাখ টাকা দিয়েছেন। তালিকায় নাম ওঠার পর বাকি দুই লাখ টাকা দেবেন। জেলা স্বাস্থ্য বিভাগের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ৫০টি পদের অনুকূলে সুপারিশ করে যে তালিকা দেওয়া হয়েছে তাতে কমপক্ষে ১৫০ জনের নাম রয়েছে।জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ প্রথম আলোকে বলেন, ‘এডিসি সাহেবের পদত্যাগের কথা শুনেছি।’ দলীয়ভাবে চাপ প্রয়োগ, তালিকা দেওয়া ও ঘুষের অভিযোগ সম্পর্কে তিনি বলেন, ‘আমিও শুনেছি। নিয়োগপ্রক্রিয়ার আগে প্রস্তাব করেছিলাম, শুধু মৌখিক পরীক্ষা নিয়ে প্রার্থী বাছাই না করে আগে লিখিত পরীক্ষা নেওয়া হোক। সেটা করা হয়নি, তাই এসব ক্ষেত্রে তো অভিযোগ উঠবেই।’