>

বেহাল সড়ক—৩৯
দেশের বিভিন্ন জেলায় সড়কগুলো বেহাল হয়ে পড়েছে। কোথাও কোথাও নির্মাণের অল্প দিনের মধ্যেই পিচ–খোয়া উঠে গেছে। সৃষ্টি হয়েছে গর্তের। কোথাও সড়ক ধসে পড়েছে। এসব সড়ক নিয়ে ধারাবাহিক প্রতিবেদন
নওগাঁ পৌরসভার ১২০ কিলোমিটার পাকা সড়কের মধ্যে প্রায় ৫০ কিলোমিটার চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ইট, বালু ও কার্পেটিং উঠে গিয়ে খানাখন্দে ভরে গেছে এসব সড়ক। বাসিন্দাদের অভিযোগ, দায়সারাভাবে ও নিম্নমানের কাজ করায় তাঁদের ভোগান্তি বাড়ছে।
পৌরসভা সূত্রে জানা যায়, প্রথম শ্রেণির এই পৌরসভায় পাকা, আধপাকা, কাঁচাসহ প্রায় ২৯৩ কিলোমিটার সড়ক রয়েছে। এর মধ্যে পাকা রাস্তার দৈর্ঘ্য ১২০ কিলোমিটার ৭৯ মিটার, যার মধ্যে ৫০ কিলোমিটার অংশই বেহাল।
সরেজমিনে দেখা গেছে, বিভিন্ন সড়কে পিচঢালাই উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোনো কোনো সড়ক কাদাপানিতে সয়লাব। এসব রাস্তা দিয়ে হাঁটাও ভীষণ কষ্টকর। শহরের পুরোনো হাসপাতাল রোড, কাচারি রোড, উকিলপাড়া রোড, মুক্তির মোড়-কেডির মোড়, বলিহার হাউস-কাজীর মোড়, কলেজ মোড়-বাইপাস, নর্থবেঙ্গল-চক প্রিয়ম, বয়জন-রজাকপুর, ভোকেশনাল ঢাল-সার্কিট হাউস, সমবায়-আরজিনগর দপ্তরিপাড়া, বালুডাঙ্গা- চকরাম চন্দ্র, শৈলগাছী-চুন আতাপাড়া, শিক্ষা অফিস-মাস্টারপাড়া, তাজের মোড়- মেরিগোল্ড পাড়া, বাইপাস-বোয়ালিয়া, দয়ালের মোড় থেকে ডিগ্রি কলেজ মোড় সড়ক বেহাল।
উকিলপাড়া এলাকার বাসিন্দা নজরুল ইসলাম, মানিক, সারোয়ার হোসেন, রাশেদুল, হারুনসহ সাত-আটজন বলেন, কাচারি রোড, উকিলপাড়া রোড ও কেডির মোড় থেকে মুক্তির মোড় সড়কে তিনটি সরকারি ও দুটি বেসরকারি উচ্চবিদ্যালয় আছে।
এ ছাড়া প্রাথমিক ও বেসরকারি বিদ্যালয় রয়েছে ১৫টির বেশি। অথচ এই এলাকার রাস্তাগুলোর অবস্থা এত খারাপ যে হাঁটাচলা করাও কঠিন।
পৌরসভার নির্বাহী প্রকৌশলী গুরুদাস দত্ত বলেন, পৌর কর্তৃপক্ষ ৩৪টি রাস্তা সংস্কারের জন্য প্রকল্প প্রস্তাব পাঠিয়েছে।
২০১৫-১৬ অর্থবছরে নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ প্রকল্পের (ইউজিপ) আওতায় এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও বাংলাদেশ সরকারের প্রায় ৭ কোটি টাকা বরাদ্দ দেওয়ার কথা থাকলেও মাত্র ৭২ লাখ টাকা দিয়েছে। এই টাকা দিয়ে রাস্তাঘাটসহ অন্যান্য উন্নয়নকাজ করা সম্ভব নয়। আর্থিক সীমাবদ্ধতার কারণে দ্রুত সমস্যার সমাধান করা সম্ভব হচ্ছে না।
পৌরসভার আরেক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ২০১৪-১৫ অর্থবছরে রাস্তা সংস্কার ও মেরামতের কাজে ইউজিপের আওতায় প্রায় ৮ কোটি ৭৫ লাখ টাকা বরাদ্দ পাওয়া যায়।
শহরের বিভিন্ন এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রায়ই সড়কের কাজ করা হয়। সড়ক সংস্কারের জন্য কোটি কোটি টাকা বরাদ্দ এলেও দায়সারাভাবে কাজ করা হয়। তাই কিছুদিন যেতে না যেতেই রাস্তাঘাট আবারও খানাখন্দে ভরে যায়।
এ ছাড়া পরিকল্পিত পয়োনিষ্কাশন (ড্রেনেজ) ব্যবস্থা না থাকায় পানি জমে সড়ক দ্রুত খারাপ হয়ে যায়।
এদিকে রাস্তার সংস্কারকাজের দীর্ঘসূত্রতার কারণে শহরের কয়েকটি এলাকার প্রায় ২০ হাজার মানুষ ভোগান্তি পোহাচ্ছে। কালীতলা-নাপিতপাড়া, সুলতানপুর- সান্যালবাড়ি, শেরপুর-চকপ্রসাদ ও তাজের মোড় থেকে খলিশাবাড়ি মোড় পর্যন্ত রাস্তাটির সংস্কারকাজ গত বছর শুরু হয়। এখনো তা শেষ হয়নি। রাস্তাগুলোতে ইট-খোয়া বিছিয়ে রাখা হয়েছে।
কালীতলা এলাকার বাসিন্দা সুবল চন্দ্র বর্মণ বলেন, ‘ইট-খোয়া বিছিয়ে দিলেও এখন পর্যন্ত রাস্তায় পিচ ঢালা হয়নি। ইট-খোয়া বিছানো রাস্তায় চলাফেরা করতে আরও বেশি কষ্ট হচ্ছে। কবে আমাদের এই দুর্ভোগ শেষ হবে তা জানা নেই।’
নওগাঁর স্থানীয় সামাজিক-সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদের সভাপতি ডি এম আবদুল বারী বলেন, পৌরসভার রাস্তাঘাটের দুরবস্থার মূল কারণ অনিয়ম-দুর্নীতি। প্রতিবছরই পৌরসভার কোনো না কোনো রাস্তা সংস্কার করা হচ্ছে। কিন্তু বছর ঘুরতে না ঘুরতে সেগুলো আবার খানাখন্দে ভরে যাচ্ছে। কোটি কোটি টাকা বরাদ্দ এলেও নিম্নমানের ও দায়সারাভাবে কাজের জন্য রাস্তাগুলো বেশি দিন টিকছে না।
পৌরসভার নির্বাহী প্রকৌশলী গুরুদাস দত্ত দায়সারা ও নিম্নমানের কাজের বিষয়টি অস্বীকার করে বলেন, পানিনিষ্কাশন-ব্যবস্থা খারাপ হওয়ায় পানি জমে দ্রুত সড়ক নষ্ট হয়ে যায়।
পৌর মেয়র নজমুল হক বলেন, পৌরসভার বেশ কিছু রাস্তার সংস্কারকাজ চলছে। তবে বর্ষা মৌসুমের কারণে কিছুদিনের জন্য কাজ বন্ধ রয়েছে। পৌরসভার ৩৪টি রাস্তা সংস্কার, মেরামত ও পানিনিষ্কাশন-ব্যবস্থার জন্য প্রকল্প প্রস্তাব পাঠানো হয়েছে।