৫০ কিলোমিটার সড়ক বিধ্বস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বর্ষা শুরুর আগেই কুমিল্লা নগরের সড়কগুলোর অবস্থা বেহাল ছিল। আষাঢ় ও শ্রাবণের বর্ষণে সড়কের পিচ উঠে গেছে। কোথাও কোথাও পিচ উঠে চষা জমিতে রূপ নিয়েছে। খানাখন্দে ভরা সড়কের কারণে নাকাল হচ্ছে নগরবাসী। ছবিটি নগরের বিসিক শিল্পনগরী এলাকা থেকে গত সোমবার দুপুরে তোলা l প্রথম আলো
বর্ষা শুরুর আগেই কুমিল্লা নগরের সড়কগুলোর অবস্থা বেহাল ছিল। আষাঢ় ও শ্রাবণের বর্ষণে সড়কের পিচ উঠে গেছে। কোথাও কোথাও পিচ উঠে চষা জমিতে রূপ নিয়েছে। খানাখন্দে ভরা সড়কের কারণে নাকাল হচ্ছে নগরবাসী। ছবিটি নগরের বিসিক শিল্পনগরী এলাকা থেকে গত সোমবার দুপুরে তোলা l প্রথম আলো

বর্ষণে কুমিল্লা নগরের অন্তত ৫০ কিলোমিটার সড়ক বিধ্বস্ত হয়েছে। দীর্ঘদিন সংস্কার না করায় এবং পানিনিষ্কাশনের ব্যবস্থা না থাকায় এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। খানাখন্দের কারণে পথচারীদের পাশাপাশি যান চলাচলেও ব্যাপক দুর্ভোগ দেখা দিয়েছে।

কুমিল্লা সিটি করপোরেশনের প্রকৌশল শাখা সূত্র জানায়, নগরে ৪৮২ কিলোমিটার সড়ক রয়েছে। এর মধ্যে মূল শহরের ১৪৭ কিলোমিটারের মধ্যে অন্তত ৫০ কিলোমিটার সড়কই খারাপ। টাকার অভাবে দীর্ঘদিন সংস্কার না করায় বর্ষণে ক্ষতিগ্রস্ত হয়েছে সড়কগুলো। কয়েক দিনের টানা বর্ষণে সড়কগুলোর এমন বিচ্ছিরি অবস্থা। গত সোমবার সরেজমিনে দেখা যায়, নগরের কোথাও কোথাও সড়কে বড় ধরনের গর্তের সৃষ্টি হয়েছে। সেসব গর্তে বৃষ্টির পানি জমে ছোট ছোট পুকুরে পরিণত হয়েছে। আবার কোথাও পিচ উঠে গিয়ে কাঁচা সড়কের রূপ নিয়েছে। সড়কের পাশের নালাগুলো উঁচু হওয়ায় বৃষ্টির পানি সরতে পারছে না। ফলে যানবাহনের চালকদের ভোগান্তির শেষ নেই।

সরেজমিনে নগরের পশ্চিম বাগিচাগাঁও ডায়াবেটিক হাসপাতাল সড়ক থেকে আবদুর রশিদ সড়ক পর্যন্ত শতাধিক গর্ত চোখে পড়েছে। বর্ষা মৌসুম শুরুর আগে এ সড়কে খোয়া ফেলা হয়। সেগুলো এরই মধ্যে ধুয়েমুছে যাচ্ছে। ডায়াবেটিক হাসপাতালের দক্ষিণ পাশে বড় ধরনের খানাখন্দ। অথচ এ সড়ক দিয়ে প্রতিনিয়ত হাসপাতালের রোগী, রেলযাত্রী ও শিক্ষার্থীরা চলাচল করছেন। সড়ক খারাপ হওয়ায় তাঁদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। পশ্চিম বাগিচাগাঁও এলাকারবাসিন্দা লিয়াকত আলী বলেন, ভূতের গলির মোড় থেকে পুলিশ লাইন পর্যন্ত দুই মিনিটে হেঁটে যাওয়া যেত। এখন ১০ টাকা রিকশাভাড়া দিয়ে যেতে হয়।

একই এলাকার দমকল পুকুরপাড়ের উত্তর পাশের সড়ক, জেলা পরিষদ ডাকবাংলো থেকে ঠাকুরপাড়া পর্যন্ত সড়ক, বিসিক শিল্পনগরী এবং কুমিল্লা শিল্প ও বণিক সমিতির কার্যালয়ের দক্ষিণ পাশের সড়কেও ছোট-বড় অনেক গর্তের সৃষ্টি হয়েছে। এসব এলাকায় পিচ উঠে কাদাপানি একাকার। ডিসির বাংলো সড়কে সামান্য বৃষ্টিতেই পানি জমে যায়। চিড়িয়াখানা সড়কের পিচ ও কংক্রিটও উঠে গেছে।

একই দুরবস্থা ঝাউতলা পানি উন্নয়ন বোর্ড সড়কের উত্তর পাশ ও পুরোনো চৌধুরীপাড়া রেয়াজউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে কুমিল্লা হাইস্কুল পর্যন্ত সড়কেরও। কাপ্তানবাজার সড়ক সংস্কার হয় না দীর্ঘদিন। ইসলামপুর থেকে গোমতী পুরোনো নদী এবং দক্ষিণ চর্থা থেকে কুমিল্লা ইপিজেড সড়কের অবস্থাও খারাপ, কাদাময়। ডায়াবেটিক হাসপাতালের পশ্চিম পাশের বাসিন্দা আবদুর রহিম বলেন, ‘বছরের বেশির ভাগ সময় আমাদের এলাকার সড়কে পানি জমে থাকে। কিন্তু সমাধানের উদ্যোগ নেই।’

জানতে চাইলে কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী শেখ নূরুল্লাহ প্রথম আলোকে বলেন, কয়েকটি সড়কের কাজ বর্ষা মৌসুমের আগেই শুরু হয়েছে। অতিবৃষ্টির কারণে সড়কগুলো মেরামত করা যাচ্ছে না। আবহাওয়া ঠিক থাকলে সড়ক সংস্কারের কাজ দ্রুতগতিতে হবে। তখন নগরবাসীর ভোগান্তি কমে আসবে।