৫০ কিলোমিটারে ২৯টি গতিরোধক!
ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কে ৫০ কিলোমিটার রাস্তায় রয়েছে ২৯টি গতিরোধক। এসব গতিরোধক বিভিন্ন যানবাহনের চালক ও যাত্রীদের ভোগান্তির সৃষ্টি করছে, যার বেশির ভাগই সড়ক ও জনপথ বিভাগের অনুমতি ছাড়া স্থানীয় লোকজন তৈরি করেছে।
সরেজমিনে দেখা যায়, সড়কের তারাকান্দা উপজেলা সদর থেকে ফুলপুর পর্যন্ত ১৫ কিলোমিটারে রয়েছে ১৩টি গতিরোধক। এর মধ্যে ধলিবাজার, শশার বাজার মটরভাঙা, দক্ষিণ কাকনি বাজারের কাছে তিনটি গতিরোধক রয়েছে। বওলা বাজার এলাকায় ২০০ গজের মধ্যে নির্মাণ করা হয়েছে তিনটি গতিরোধক। এভাবে ফুলপুর থেকে হালুয়াঘাট উপজেলা সদর পর্যন্ত ১৮ কিলোমিটারে রয়েছে ১২টি গতিরোধক। এর মধ্যে গাঙ্গিনা, দশারা ও বড়বিলা এলাকায় কাছাকাছি কোনো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান না থাকলেও সেখানে গতিরোধক নির্মাণ করা হয়েছে। হালুয়াঘাটের ধারা বাজার থেকে নাগলা বাজারের মধ্যবর্তী এলাকায় দুটি গতিরোধক দেখা গেছে। সড়কের কাছাকাছি শিক্ষাপ্রতিষ্ঠানের মতো অন্য কোনো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান না থাকলেও দেওয়া হয়েছে গতিরোধক, যা যানবাহন চলাচলে বাধার সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন ওই সড়কের বিভিন্ন পরিবহনের চালক ও যাত্রীরা। গোপালপুর বাজারের কাছে প্রায় ১০০ গজের মধ্যে রয়েছে দুটি গতিরোধক। একই উপজেলার বকশিমুল বাজারের কাছে একটি বিদ্যালয়ের সামনে রয়েছে দুটি গতিরোধক।
কয়েকজন যাত্রী জানান, গতিরোধকের কারণে কর্মস্থলে পৌঁছাতে দ্বিগুণ সময় লাগে। ফুলপুর উপজেলা সদরে সিএনজিচালিত অটোরিকশার কয়েকজন চালকের সঙ্গে কথা হলে তাঁরা জানান, গত এক-দেড় বছরে ময়মনসিংহের বিভিন্ন সড়কে চালককে হত্যা করে যানবাহন ছিনতাইয়ের ঘটনা বেড়ে যাওয়ায় এসব গতিরোধক তাঁদের জন্য ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে।
সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) ময়মনসিংহের নির্বাহী প্রকৌশলী শামীম আল মামুন বলেন, গতিরোধকগুলোর বেশির ভাগই সড়ক দুর্ঘটনার পর দেওয়া আশ্বাসের পরিপ্রেক্ষিতে স্থানীয় লোকজন নিজেদের উদ্যোগে রাতের অন্ধকারে নির্মাণ করেছেন। দিনের বেলায় এগুলো ভাঙতে গেলে এলাকাবাসীর বাধার মুখে পড়তে হয়। তিনি আরও বলেন, অপ্রয়োজনীয় এ গতিরোধকগুলো রাতের অন্ধকারেই ভেঙে ফেলতে হবে।