৫০ কেজি ওজনের সামুদ্রিক কচ্ছপ মেঘনায় অবমুক্ত
ভোলায় মেঘনা নদীতে গতকাল সোমবার দুপুরে প্রায় ৫০ কেজি ওজনের একটি সামুদ্রিক কচ্ছপ অবমুক্ত করা হয়েছে। কচ্ছপটি মাছ বাজারে বিক্রির জন্য আনা হয়েছিল।
স্থানীয় পরিবেশবাদী সংগঠন অ্যাডভেঞ্চার ক্লাব অব ভোলা সূত্রে জানা যায়, কচ্ছপটি চরফ্যাশন উপজেলার ঢালচর এলাকার মেঘনা নদীতে গতকাল ভোরে জালে ধরা পড়ে। বেশি দাম পাওয়ার আশায় শিকারি এটি দুপুরে ভোলা মাছ বাজারের আড়তদারের কাছে আনেন। এ সময় সংগঠনের আহ্বায়ক এস এম বাহাউদ্দিন ও তাঁর বন্ধুরা কচ্ছপটি দখলে নিয়ে বন বিভাগকে খবর দেন। একপর্যায়ে শিকারি পালিয়ে যান। পরে কচ্ছপটি সদর উপজেলার তুলাতুলি এলাকার মেঘনায় অবমুক্ত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপকূলীয় বন বিভাগের সদর রেঞ্জের সহকারী রেঞ্জ কর্মকর্তা কামরুল ইসলাম, শাহবাজপুর থিয়েটারের সভাপতি আবু সাঈদ, মদনপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নাছির উদ্দিন প্রমুখ।
উপকূলীয় বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন বলেন, ২০১২ সালের ১০ জুলাই প্রকাশিত সরকারি প্রজ্ঞাপনে কচ্ছপকে বন্য প্রাণী হিসেবে গণ্য করা হয়েছে। অনুমোদন ছাড়া বন্য প্রাণী শিকার, সংগ্রহ ও আমদানি-রপ্তানি করা যাবে না। এ নিয়ম না মানলে তা অপরাধ হিসেবে গণ্য হবে।