সিলেটের ফেঞ্চুগঞ্জ সার কারখানা থেকে পরিবেশকদের (ডিলার) কাছে সরবরাহ করা ইউরিয়ার বস্তায় আট-দশ কেজি করে কম পাওয়া যাচ্ছে। কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছেন পরিবেশক (ডিলার), সাব-ডিলার ও কৃষকেরা।
অভিযোগে বলা হয়েছে, গত সেপ্টেম্বর মাসে ফেঞ্চুগঞ্জ সার কারখানা থেকে ডিলারদের কাছে সরবরাহ করা ৫০ কেজির ইউরিয়ার বস্তায় আট থেকে দশ কেজি করে কম পাওয়া যাচ্ছে।
বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন মৌলভীবাজার জেলা শাখার যুগ্ম সম্পাদক প্রমথ পাল জানান, বিএফএ সিলেট বিভাগীয় পরিবেশক কমিটির কর্মকর্তারা সেপ্টেম্বরের মাঝামাঝি ফেঞ্চুগঞ্জ সার কারখানার ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক ইসকান্দার আলীর সঙ্গে বৈঠক করেন। তাঁরা বস্তায় আট-দশ কেজি সার কম দেওয়ার অভিযোগ করলে তিনি সমাধানের আশ্বাস দেন। কিন্তু এখনো ব্যবস্থা নেননি। বক্তব্য জানতে চাইলে ইসকান্দার আলীর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
অভিযাগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে কমলগঞ্জের ইউএনও মোহামঞ্চদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি ডিলারদের কাছ থেকে ওজন করে সার কিনতে কৃষকদের পরামর্শ দিয়েছেন।