৫০ কোটি টাকার সড়ক অব্যবহূত পড়ে আছে
মালিক-শ্রমিকদের অনাগ্রহের কারণে বগুড়ার দ্বিতীয় বাইপাস সড়কটি নির্মাণের আড়াই বছরেও পুরোপুরিভাবে ব্যবহূত হচ্ছে না। প্রায় ৫০ কোটি টাকার ১৬ কিলোমিটার দীর্ঘ এই সড়ক পুরোপুরি ব্যবহার করা হলে বগুড়া শহরের যানজট ও প্রথম বাইপাস সড়কের ওপর চাপ কমবে। খোঁজ নিয়ে জানা গেছে, ২০০১ সালে প্রায় ২৭ কোটি টাকা ব্যয় ধরে বগুড়া শহরের দক্ষিণে বগুড়া-ঢাকা মহাসড়কের শাজাহানপুর উপজেলার বেতগাড়ি থেকে উত্তরে মাটিডালি মোড় পর্যন্ত প্রায় ১৬ কিলোমিটার সড়কের নির্মাণকাজ শুরু করা হয়। এরপর কয়েক দফায় কাজ বন্ধ থাকার পর আবার কাজ শুরু করা হয়। পরবর্তী সময়ে নতুন করে প্রাক্কালন ব্যয় ধরে কাজটি শেষ করা হয় ২০১১ সালের জুনে। ২০ জুলাই এর উদ্বোধন করা হয়। উদ্বোধনের দিন থেকে চাঁদাবাজির অভিযোগ ওঠে। এ নিয়ে উত্তরের কয়েকটি জেলার পরিবহন মালিক-শ্রমিকদের সঙ্গে দেখা দেয় বিরোধ। একপর্যায়ে জেলা প্রশাসন ওই সড়কে যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ করে দেয়। বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুল লতিফ মণ্ডল বলেন, চার মাস আগে সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) এক সভায় সিদ্ধান্ত হয়েছিল, আপাতত দূরপাল্লার ট্রাক দ্বিতীয় বাইপাস দিয়ে চলাচল করবে। এ ছাড়া দূরপাল্লার যেসব বাসের বগুড়ায় বিরতি নেই, সেগুলোও করতে পারবে। এ ব্যাপারে পুলিশকেও নির্দেশ দেওয়া হয়। কিন্তু আজও তা বাস্তবায়ন হয়নি। জেলা প্রশাসক সারোয়ার মাহমুদ বলেন, দ্বিতীয় বাইপাস দিয়ে যানবাহন একেবারে চলাচল করে না, এটা ঠিক নয়। যেসব যানবাহনের শহরে ঢোকার দরকার নেই সেগুলো দ্বিতীয় বাইপাস দিয়ে চলাচল করবে, এটাই কথা ছিল। বিষয়টি এখন থেকে পর্যবেক্ষণ করা হবে। তারপরও বাইপাসটি চালুর জন্য পরিবহন মালিক-শ্রমিকদের এগিয়ে আসতে হবে। পুলিশ সুপার মোজামেঞ্চল হক বলেন, পরিবহন মালিক-শ্রমিকেরা সহযোগিতা করলে দ্বিতীয় বাইপাস চালু করা কোনো ব্যাপার নয়। সব সময় সেখানে পুলিশ দিয়ে যানবাহন ঢোকানো সম্ভব নয়। বিআরটিএর সভার সিদ্ধান্ত অনুযায়ী কয়েক দিন পুলিশ দায়িত্ব পালন করেছে। কিন্তু যানবাহনের শ্রমিকেরা আইন না মেনে চললে সবাইকে সব সময় জোর করা যায় না।