৫০ গাছ লাগানোর নির্দেশ দিয়ে এক আসামির জামিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়কের পাশের সাতটি গাছ কাটার অভিযোগে করা মামলার আসামি আবদুল মজিদ বিশ্বাসকে নিজ খরচে ৫০টি গাছ লাগানোর নির্দেশ দিয়ে ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি এম ইনায়েতুর রহীম ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল সোমবার এ আদেশ দেন।
আবদুল মজিদ সাতক্ষীরার শিবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সহসভাপতি। আদালতের আদেশে বলা হয়েছে, যে এলাকায় ওই গাছগুলো কাটা হয়েছে এই সময়ের (জামিনে থাকার ছয় মাস) মধ্যে, সেখানে আবদুল মজিদকে নিজ খরচে ৫০টি মেহগনি ও সেগুনগাছ লাগাতে হবে। এসব গাছ লাগানোর বিষয়টি হলফনামার মাধ্যমে আদালতকে জানানোরও নির্দেশ দেওয়া হয়। এ ছাড়া বলা হয়, গাছ লাগানোর বিষয়টি সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকেও (ওসি) জানাতে হবে।
মামলার অভিযোগ থেকে জানা যায়, গত বছরের ৩ ও ৪ মার্চ পথরোধ করে শিবপুরের আবাদেরহাট থেকে রাজাপুর সড়কের উভয় পাশে থাকা আনুমানিক সাতটি সরকারি গাছ কাটা হয়। এগুলোর মধ্যে ছিল মেহগনি, সেগুন, বাবলা ও রেইনট্রি। এ ঘটনায় ৮ মার্চ শিবপুর ইউপির চেয়ারম্যান মজিদসহ ২২ জনের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় মামলা করেন জেলা পরিষদের সার্ভেয়ার হাসানুজ্জামান। মামলায় তাঁদের বিরুদ্ধে বেআইনিভাবে অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে পথরোধ করে এসব গাছ কেটে ক্ষতিসাধন, চুরিতে সহায়তা করার এবং অন্তর্ঘাতমূলক অপরাধের অভিযোগ আনা হয়।
এ মামলায় গত বছরের ৯ সেপ্টেম্বর আবদুল মজিদ গ্রেপ্তার হন। পরে তিনি হাইকোর্টে জামিনের আবেদন করেন। গতকাল জামিন আবেদনের ওপর শুনানি হয়। আদালতে তাঁর পক্ষে আইনজীবী এম এ ওয়াহাব শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল গাজী মো. মামুনুর রশীদ ও মো. আসাদুজ্জামান।
পরে মামুনুর রশীদ প্রথম আলোকে বলেন, সাতটি গাছ কাটার ঘটনায় করা মামলায় আবদুল মজিদকে নিজ খরচে ৫০টি গাছ লাগানোর নির্দেশ দিয়ে ছয় মাসের জামিন মঞ্জুর করেছেন আদালত।