৫০ গ্রামজুড়ে মেলার উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার গাবতলী উপজেলার পোড়াদহ এলাকার মেলাকে কেন্দ্র করে অর্ধশত গ্রামে এখন উৎসবের আমেজ চলছে। গতকাল বুধবার এ মেলা শুরু হয়। আজ (বৃহস্পতিবার) বসবে ‘বউ মেলা।’চারপাশের প্রায় অর্ধশত গ্রাম এখন উৎসবমুখর। মেলাপ্রাঙ্গণ থেকে শুরু হয়ে সড়ক পর্যন্ত নামে মানুষের ঢল।গাবতলী উপজেলার গোলাবাড়ী বাজারের পূর্ব পাশে বাঙালি নদীর তীরে একটি বটগাছকে ঘিরে পালন হয়ে আসছে এ মেলা। গোলাবাড়ী বাজারের ব্যবসায়ী মোখলেছ মিয়া বলেন, ‘মেলার মধ্যি জামাই-বেটিক বাড়িত না আনলে মেলাই হবিনে। ঈদের দাওয়াত জামাইয়ের বাড়িত না দিলেও কোনো ক্ষতি নাই, কিন্তুক মেলার মধ্যি দাওয়াত না দিলে আত্মীয়তাই শেষ।’চার শ বছর ধরে পালন হয়ে আসা এ মেলা সব ধর্মের মানুষকে এক কাতারে নিয়ে এসেছে। মেলাকে কেন্দ্র করে মেয়ে-জামাই ও আত্মীয়স্বজনে ভরপুর হয়ে ওঠে আশপাশের গ্রামগুলো। সবার কাছে এ মেলা ‘পোড়াদহের মেলা’ নামে পরিচিতি।প্রতি বাংলা সনের মাঘ মাসের শেষ বুধবারে এক দিনের এ মেলা বসলেও এর জের থাকে তিন দিন ধরে। বিশেষ করে বৃহস্পতিবার বসে মহিলাদের মেলা। কেউ কেউ এটাকে বউ মেলা বলে থাকে।গতকাল সকালে মেলায় দেখা গেছে, সারি সারি সামিয়ানা টাঙিয়ে দোকানিরা পসরা সাজিয়ে বসেছেন। আছে মিষ্টি, কাঠ ও মাছের দোকান। হাঁড়ি-পাতিল, খেলনা, নাগরদোলা ও ঘুরনিসহ অন্যান্য দোকানও রয়েছে। রয়েছে তিনটি বিচিত্রা অনুষ্ঠানের প্যান্ডেল। মেলায় আসা দর্শনার্থীদের সাইকেল, মোটরসাইকেল, রিকশা ও ভ্যান রাখার জন্য তিন দিকের রাস্তার প্রায় আধা কিলোমিটার দূরে মাঠের মধ্যে রশি টেনে তৈরি করা হয়েছে গ্যারেজ। শৃঙ্খলা রক্ষার জন্য পুলিশের পাশাপশি মোতায়েন করা হয়েছে গ্রামপুলিশ (চৌকিদার) ও স্বেচ্ছাসেবক সদস্য।মেলায় বিভিন্ন প্রজাতির বড় বড় মাছ উঠেছে। পছন্দের মাছটি কেনার জন্য ভিড় জমিয়েছে অনেকে। বড় মাছের মধ্যে বাগাড়, আইড়, বোয়াল, চিতল, রুই, পাঙ্গাশ, কাতল, মৃগেল, মাঝারি কার্প, তেলাপিয়া, সিলভার কার্প ও সুরমা মাছ উঠেছে।এবার ৬২ কেজি ওজনের ছয় ফুট লম্বা বাগাড় মাছটি মেলার প্রধান আকর্ষণ। ব্যবসায়ী বজলুর রহমান মাছটির দাম চেয়েছেন ৬২ হাজার টাকা। উঠেছে ২০ কেজি ওজনের একটি কাতল।বগুড়া শহরের কেমব্রিজ ক্যাডেট স্কুল ও কলেজের অধ্যক্ষ আখতারুল ইসলাম জানান, গত বছরের তুলনায় এবার মাছের দাম কেজিপ্রতি দুই-তিন শ টাকা বেশি।মড়িয়া গ্রামের স্বপন মজুমদার জানান, ধনী-গরিব সবাই মাছ ও মিষ্টি কেনেন। বাড়ির গৃহিণীরা মেলার আগের দিন প্রায় ১০ সের ধানের মুড়ি ভাজেন। এটাই এ এলাকার রেওয়াজ। হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষের মধ্যে এ মেলা একটি সেতুবন্ধন।