৫০ গ্রামে আকস্মিক বন্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় নদী থেকে আসা পানিতে পঞ্চগড় সদর ও তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন নদীর পানি বেড়ে লোকালয়ে ঢুকে পড়ছে। এতে এই দুই উপজেলার ৫০টি গ্রামে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। তেঁতুলিয়ায় কয়েক শ একর জমির চা-বাগান পানিতে তলিয়ে গেছে। পঞ্চগড় পৌরসভা এলাকার অনেক গ্রামও পানিবন্দী হয়ে পড়েছে।জানা গেছে, জেলার ভেতর দিয়ে প্রবাহিত ২১টি নদীর মধ্যে অধিকাংশের উৎসমুখ ভারতে। এসব নদীর মধ্যে মহানন্দা ও ডাহুক নদী ভারত থেকে এসে পঞ্চগড় হয়ে আবারও ভারতে ঢুকেছে। শুষ্ক মৌসুমে এই নদীগুলোর পানি নিয়ন্ত্রণে রাখতে ভারত এগুলোর উৎসমুখে বড় বাঁধ দিয়ে রাখে। কিন্তু বর্ষায় পানি বেড়ে গেলে তারা নদীর বাঁধ খুলে দেয়। সম্প্রতি ভারতীয় দুটি নদীর উৎসমুখের বাঁধ খুলে দেওয়ায় পঞ্চগড় সদর ও তেঁতুলিয়া উপজেলার নদীগুলোতে পানি বাড়ায় বিভিন্ন এলাকায় হঠাৎ বন্যার সৃষ্টি হয়েছে।বন্যার পানিতে তেঁতুলিয়ার ভজনপুর ভূইসমারী, ভূতিপুকুরী, শালবাহান এলাকার কয়েক শ একর চা-বাগান পানির নিচে তলিয়ে গেছে। ভজনপুর ডিগ্রি কলেজের মাঠ এবং পাশের বিদ্যালয়ও পানিবন্দী হয়ে পড়েছে। বন্যার কারণে অনেকে বাড়িঘর ছেড়ে আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছে। এ ছাড়া শহরের রামের ডাঙ্গা, তুলার ডাঙ্গা, নিমনগর খালপাড়া, পৌর খালপাড়া, উত্তর জালাসীপাড়াসহ প্রায় ১২টি গ্রাম পানিবন্দী হয়েছে।তেঁতুলিয়া উপজেলার ডায়মন্ড টি স্টেট নামের একটি চা-বাগানের মহাব্যবস্থাপক দেলোয়ার হোসেন বলেন, দুদিন ধরে নদীর পানি বাড়ছে। এসব এলাকায় কখনো বন্যা হয়নি। কিন্তু ভারত নদীর পানি ছেড়ে দেওয়ায় হঠাৎ করে অনেক এলাকা পানির নিচে তলিয়ে গেছে। বন্যায় আমাদের ১০০ একরের চা-বাগান তলিয়ে গেছে। চা বাগানের পাশের নার্সারির প্রায় এক লাখ চায়ের চারা ভেসে গেছে।তেঁতুলিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তারুল হক বলেন, এ মৌসুমে এখনো তেমন বৃষ্টি হয়নি। তেঁতুলিয়া এলাকা তুলনামূলক অনেক উঁচু। সহজে এখানে বন্যা হয় না। কিন্তু গত দুদিনে নদীর পানি বেড়ে যাওয়ায় অনেক এলাকা পানিবন্দী হয়ে পড়েছে। পঞ্চগড় পৌরসভার মেয়র তৌহিদুল ইসলাম বলেন, নদীর পানি বেড়ে যাওয়ায় এখানে বন্যা দেখা দিয়েছে। পৌরসভার ১২টি গ্রাম পানিবন্দী হয়ে পড়েছে। বন্যার বিষয়টি ত্রাণ কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের জানানো হয়েছে।জেলা প্রশাসক তোফাজ্জল হোসেন মিয়া জানান, জেলা প্রশাসন থেকে ইতিমধ্যে বন্যাদুর্গত মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বরাদ্দ করা হয়েছে।