৫০ গ্রাহকের টেলিফোন সংযোগ এক মাস ধরে বিকল
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা ডিজিটাল টেলিফোন এক্সচেঞ্জের আওতায় অর্ধশতাধিক গ্রাহকের সংযোগ এক মাসেরও কিছু বেশি সময় ধরে বিকল রয়েছে। এতে এসব টেলিফোন গ্রাহককে দুর্ভোগে পড়তে হচ্ছে। এগুলো মেরামতেরও কোনো উদ্যোগ নেই বলে জানিয়েছেন গ্রাহকেরা।মতলব দক্ষিণ উপজেলা ডিজিটাল টেলিফোন এক্সচেঞ্জ সূত্রে জানা গেছে, গত মাসের (অক্টোবর) মাঝামাঝি সময়ে পৌরসভা কর্তৃপক্ষ সদর বাজারের কয়েকটি রাস্তায় নালা তৈরি করতে গেলে টেলিফোন সংযোগ ক্ষতিগ্রস্ত হয়। এতে প্রায় দুই শ গ্রাহকের সংযোগের মধ্যে অর্ধশতাধিক সংযোগ পুরোপুরি বিকল হয়। জনতা ব্যাংকের মতলব শাখার ব্যবস্থাপক মো. রফিকুল ইসলাম অভিযোগ করেন, তাঁদের টেলিফোন সংযোগটি এক মাস ধরে অচল। এ জন্য টেলিফোনে আর্থিক লেনদেন ও অন্যান্য কাজ করতে খুব অসুবিধা হচ্ছে। টেলিফোন এক্সচেঞ্জ কর্তৃপক্ষকে বিষয়টি বারবার জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। মতলব পৌরসভার সহকারী প্রকৌশলী মো. নুরুল আলম বলেন, ‘নালা তৈরি করতে গিয়ে টেলিফোন লাইন বিকল হওয়ার তথ্য আমার জানা নেই। টেলিফোন কার্যালয় এ ব্যাপারে আমাদের কিছুই জানায়নি।’ চাঁদপুর ডিজিটাল টেলিফোন এক্সচেঞ্জের সহকারী প্রকৌশলী (মতলব দক্ষিণ ডিজিটাল টেলিফোন এক্সচেঞ্জের দায়িত্বপ্রাপ্ত) আবদুল মজিদ প্রথম আলোকে বলেন, বিকল সংযোগগুলো মেরামতের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে। অর্থ বরাদ্দ পাওয়া গেলে এসব সংযোগ দ্রুত মেরামত করা হবে।