৫০ জন অসুস্থ আত্মাহুতি কর্মসূচি পেছানো হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডিপ্লোমা বেকার নার্সদের অনশন কর্মসূচিতে গতকাল সোমবার প্রায় ৫০ জন নার্স অসুস্থ হয়ে পড়েন। ব্যাচ, মেধা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে নার্স নিয়োগে প্রধানমন্ত্রীর ঘোষণা উপেক্ষা করে জেলা কোটা অনুসরণের প্রতিবাদে রাজধানীর মুক্তাঙ্গনে ৯ ফেব্রুয়ারি থেকে ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশন এ অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছে। সরকারের পক্ষ থেকে গতকাল পর্যন্তও তারা কোনো আশ্বাস পায়নি। প্রতিনিধিরা জানান, তাঁদের দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচি হাতে নেওয়া হবে।অ্যাসোসিয়েশনের মহাসচিব মো. ইকবাল হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমরা খবর পেয়েছি গতকাল সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে নার্সদের নিয়োগ বিষয়ে একটি বৈঠক হয়েছে। তাই আজ মঙ্গলবার অ্যাসোসিয়েশনের নির্ধারিত আত্মাহুতি কর্মসূচি ৪৮ ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়েছে। আশা করছি এর মধ্যেই সরকারের পক্ষ থেকে কিছু জানানো হবে।’ গতকাল স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (নার্সিং বিষয়ে দায়িত্ব পাওয়া) কে বি এম ওমর ফারুক প্রথম আলোকে বলেন, নার্স নিয়োগে কোনো জেলা বাদ দেওয়া হবে না। তবে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘স্বাধীনতার পর থেকে কোনো সরকারই নার্সদের জন্য এত কিছু করেনি। বর্তমান সরকার নার্সদের দ্বিতীয় শ্রেণীর মর্যাদা দিয়েছে। বাড়িতে ঘুমিয়ে থাকবে, কোনো ধরনের পরীক্ষায় না বসেই তাদের ঘরে নিয়োগের চিঠি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে। চাকরির বয়স বাড়িয়ে সরকার ৩৬ বছর করেছে। তার পরও তাদের আন্দোলন থামে না।’