৫০ জন বিদেশি শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত
কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষ থেকে ৫০ জন বিদেশি শিক্ষার্থী ভর্তি করানোর উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির বৈঠকে সিদ্ধান্ত অনুযায়ী এ ব্যাপারে একটি ‘ফরেন সেল’ গঠন করা হয়েছে।
ভর্তি পরীক্ষা কমিটি সূত্র জানায়, গত রোববার উপাচার্যের কার্যালয়ের সভাকক্ষে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির বৈঠক হয়। এতে উপাচার্য হারুন-উর-রশিদ আসকারী সভাপতিত্ব করেন। বৈঠকে উপস্থিত ছিলেন সহ-উপাচার্য শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ সেলিম তোহা প্রমুখ। এ বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, ২০১৬-১৭ শিক্ষাবর্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের ২৫টি বিভাগের প্রতিটিতে দুজন করে ৫০ জন বিদেশি শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবেন। এ লক্ষ্যে ইংরেজি বিভাগের অধ্যাপক রেজাউল হককে প্রধান করে পাঁচ সদস্যের একটি ‘ফরেন সেল’ গঠন করা হয়েছে।
হারুন-উর-রশিদ আসকারী গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থী ভর্তির ব্যাপারে ২০০২ সালে একটি অধ্যাদেশ জারি করা হয়। কিন্তু এত দিন ধরে এ ব্যাপারে উদ্যোগ ছিল না। তাই নতুন করে এ ব্যাপারে উদ্যোগ নেওয়া হয়েছে। বিদেশি শিক্ষার্থীদের জন্য সব ধরনের সুযোগ-সুবিধা বিশ্ববিদ্যালয়ে রয়েছে। নতুন উদ্যোগ এ বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিকীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আবদুল লতিফ বলেন, ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের দূতাবাসের মাধ্যমে আবেদন করতে হবে। শিগগিরই সংশ্লিষ্ট দূতাবাসগুলোয় ভর্তি-সংক্রান্ত নির্দেশিকা পাঠানো হবে। শিক্ষার্থীরা ভর্তির জন্য দুই থেকে তিন মাস সময় পাবেন। এ বছর প্রয়োজনে সময় বাড়ানো হতে পারে।