৫০ জন মুক্তিযোদ্ধাকে আজীবন আর্থিক সহায়তার প্রতিশ্রুতি
জামালপুরের মেলান্দহ উপজেলার ৫০ জন মুক্তিযোদ্ধাকে জনপ্রতি এক হাজার টাকা করে আজীবন আর্থিক সহায়তা দেবেন ব্যবসায়ী দেলোয়ার হোসেন। তিনি ঢাকার তোবা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। তাঁর বাড়ি মেলান্দহ উপজেলার হাজরাবাড়ী গ্রামে। স্বাধীনতা দিবস উপলক্ষে ২৬ মার্চ শনিবার রাতে মেলান্দহ মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে ব্যবসায়ী দেলোয়ার হোসেন তাঁর প্রতিষ্ঠান থেকে মুক্তিযোদ্ধাদের আর্থিক সহায়তার ঘোষণা দেন। অনুষ্ঠানে তিনি আর্থিক সহায়তা ছাড়াও মেলান্দহ উপজেলার ১১টি ইউনিয়নে মুক্তিযোদ্ধাদের জন্য ভবন নির্মাণ এবং প্রতিবছর তিনজন মুক্তিযোদ্ধাকে হজ পালনে সহায়তা দেওয়ারও আশ্বাস দেন।মেলান্দহ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আবদুল মান্নান প্রথম আলোকে বলেছেন, তোবা গ্রুপের প্রতিশ্রুতি অনুযায়ী সংবর্ধনা অনুষ্ঠানেই ৫০ জন দুস্থ মুক্তিযোদ্ধার প্রত্যেককে এক হাজার টাকা করে আর্থিক সহায়তার টাকা বিতরণ করা হয়েছে। পরবর্তী সময়ে প্রতি মাসে মুক্তিযোদ্ধা সংসদের মাধ্যমে তাঁদের এ সহায়তা দেওয়া হবে বলে তিনি জানান।