৫০ জনকে নোটিশ, উপস্থিত হলেন একজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইজারা ছাড়াই নদী থেকে বালু উত্তোলনের ঘটনায় ফেনীর পরশুরাম উপজেলা পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়রসহ ৫০ জনকে উপজেলা ভূমি অফিসে হাজির হয়ে অভিযোগের জবাব দিতে বলা হয়েছিল। কিন্তু গতকাল বৃহস্পতিবার নির্ধারিত দিনে অভিযুক্তদের মধ্যে শুধু একজন হাজির হয়ে অভিযোগের জবাব দেন।উপজেলা ভূমি অফিসের কানুনগো বিনোদ বিহারী চাকমা জানান, উপজেলার মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদী থেকে ইজারা ছাড়াই অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৫০ জনকে নোটিশ পাঠানো হয়। নোটিশপ্রাপ্তদের মধ্যে আছেন উপজেলা পরিষদের চেয়ারম্যন ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন মজুমদার, পৌরসভার মেয়র নিজাম উদ্দিন চৌধুরী, উপজেলার সব কয়টি ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইয়াছিন শরীফ, সাধারণ সম্পাদক সফিকুল ইসলামসহ আরও কয়েকজন।বিনোদ বিহারী চাকমা প্রথম আলোকে বলেন, বৃহস্পতিবার অভিযুক্তদের সশরীরে ভূমি অফিসে উপস্থিত হয়ে অভিযোগের জবাব দেওয়ার জন্য নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু অভিযুক্তদের মধ্যে শুধুু ওয়ার্ড কাউন্সিলর আবু তাহের নির্ধারিত দিনে লিখিত জবাব দিয়েছেন।নোটিশ পাওয়ার পরও কেন অভিযোগের জবাব দিতে যাননি, জানতে চাইলে কামাল উদ্দিন মজুমদার কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান। অন্য অভিযুক্ত ব্যক্তিরাও এ বিষয়ে কথা বলতে রাজি হননি।