৫০ টাকার কমে বকশিশ নেই

>
- টিআইবির গবেষণা প্রতিবেদন।
- বিমানবন্দরে সেবা পেতে ভোগান্তির শিকার যাত্রীরা।
- টিআইবি সুপারিশ বাস্তবায়নে সচেষ্ট থাকবে বিমানবন্দর কর্তৃপক্ষ।
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আনসার সদস্যরা বকশিশ আদায়ের জন্য যাত্রীদের হয়রানি করেন বলে এক গবেষণায় অভিযোগ করা হয়েছে। এতে বলা হয়, বিমানবন্দরে প্রবেশের সময় যাত্রীদের মালামাল এগিয়ে দেওয়া এবং বের হওয়ার সময় গাড়ি ঠিক করে দেওয়ার অজুহাতে সর্বনিম্ন ৫০ থেকে সর্বোচ্চ ১ হাজার টাকা বকশিশ নেন দায়িত্বরত আনসার সদস্যরা।
গতকাল বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে গবেষণা প্রতিবেদনটি যৌথভাবে প্রকাশ করে টিআইবি (ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ) এবং সচেতন নাগরিক কমিটি (সনাক)। গবেষণা প্রতিবেদনের শিরোনাম ‘শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রাম: যাত্রীসেবা কার্যক্রমে সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়’। প্রতিবেদনে অভিবাসন পুলিশ এবং কাস্টমস বিভাগের বিরুদ্ধে সবচেয়ে বেশি দুর্নীতির অভিযোগ আনা হয়েছে।
২০১৬ সালের এপ্রিল থেকে ২০১৭ সালের অক্টোবর পর্যন্ত বিমানবন্দর কর্তৃপক্ষ, শুল্ক কর্মকর্তা, এয়ারলাইনস কর্মকর্তা, ট্রাভেল এজেন্সি, সংবাদকর্মী, ব্যবসায়ী এবং যাত্রীদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি করা হয়েছে বলে টিআইবি কর্তৃপক্ষ জানিয়েছে।
এতে বলা হয়, ভিসা থাকা সত্ত্বেও মধ্যপ্রাচ্যগামী অল্পশিক্ষিত শ্রমিকদের কাছ থেকে অভিবাসন পুলিশের একাংশ ৩০-৩৫ হাজার টাকা আদায় করে। তবে কতজনের কাছ থেকে এই টাকা আদায় করা হয়েছে, তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। এ ছাড়া ভিসার মেয়াদ কম কিংবা ছবি ঠিক নেই এমন অজুহাতে যাত্রীদের কাছ থেকে ১০০ থেকে ৫০০ টাকা আদায় করা হয়।
গত বছরের ডিসেম্বর পর্যন্ত শাহ আমানতের অভিবাসন শাখার দায়িত্বে ছিলেন সহকারী পুলিশ সুপার শহীদুল ইসলাম। জাতিসংঘ মিশনে যেতে ঢাকায় পুলিশ সদর দপ্তরে সংযুক্ত এই কর্মকর্তা বলেন, বিমানবন্দরে প্রবাসী শ্রমিকদের কাছ থেকে টাকা নেওয়ার প্রশ্নই আসে না। তবে বহির্গমন ফরম পূরণের জন্য দুই-এক শ টাকা কেউ নিতে পারে। এই কাজ পুলিশ করে না।
শুল্ক কর্মকর্তাদের বিরুদ্ধে যাত্রীদের কাছ থেকে অর্থের বিনিময়ে পণ্য ছাড় করার অভিযোগ রয়েছে। টিভি, মুঠোফোন, শাড়ি ও সোনার বার আনার ক্ষেত্রে যাত্রীর কাছ থেকে শুল্ক না নিয়ে ২ থেকে ১৪ হাজার টাকা আদায় করা হয় বলে প্রতিবেদনে বলা হয়েছে।
এ বিষয়ে চট্টগ্রাম কাস্টমস কমিশনার এ কে এম নুরুজ্জামান বলেন, এই অভিযোগ তিনি প্রথম শুনেছেন। প্রতিবেদন করার আগে টিআইবি তাঁর সঙ্গে কথা বলেনি। তিনি বলেন, সরকারের রাজস্ব নষ্ট হয় এমন কোনো কাজ শুল্ককর্মীরা করেন না।
গবেষণায় উঠে এসেছে, কাঁচি ও ধাতব পদার্থ এবং শুঁটকি, ফলমূল, রান্না করা খাবার, কাঁঠালের মতো পচনশীল বস্তু পরিবহনের উপযুক্ত না হলেও ২০০ থেকে ৫০০ টাকার বিনিময়ে তা পরিবহনের সুযোগ করে দেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও নিরাপত্তা বিভাগের কর্মীরা।
প্রতিবেদনে উঠে আসা অভিযোগের বিষয়ে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার এ বি এম সারওয়ার-ই জামান প্রথম আলোকে বলেন, টিআইবি যেসব সুপারিশ করেছে তা বাস্তবায়নের জন্য সচেষ্ট থাকবে বিমানবন্দর কর্তৃপক্ষ।
শাহ আমানত বিমানবন্দরে বছরে ৬ লাখ যাত্রীকে সেবা দেওয়া সম্ভব। কিন্তু বর্তমানে একই অবকাঠামো দিয়ে সাড়ে ১২ লাখ যাত্রীকে সেবা দেওয়া হচ্ছে।
যাত্রীসেবার মান বাড়াতে প্রতিবেদনে ১৩ দফা সুপারিশ করেছে টিআইবি। এর মধ্যে যাত্রী হয়রানি কমাতে তদারকি বাড়ানো। দুর্নীতির জন্য দায়ী ব্যক্তির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ। বিমানবন্দরে অভিযোগকেন্দ্র স্থাপন করা। অভিযোগ লিপিবদ্ধ রাখা এবং তা নিষ্পত্তি করা। প্রবাসী শ্রমিকদের হয়রানি বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া।
গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন টিআইবির ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার (রিসার্চ অ্যান্ড পলিসি) জাফর সাদেক চৌধুরী। উপস্থিত ছিলেন সনাকের চট্টগ্রাম নগর কমিটির সভাপতি আখতার কবির চৌধুরী, নগর পরিকল্পনাবিদ সুভাষ চন্দ্র বড়ুয়া, প্রকৌশলী মো. দেলোয়ার মজুমদার প্রমুখ।