প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রত্যন্ত এলাকায় চিকিৎসাসেবা দ্রুত পৌঁছে দিতে নাটোরের লালপুর উপজেলার ১০ ইউনিয়ন পরিষদকে একটি করে কমিউনিটি অ্যাম্বুলেন্স দেওয়া হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নাটোরের জেলা প্রশাসক খলিলুর রহমান এসব অ্যাম্বুলেন্স সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের হাতে তুলে দেন। অ্যাম্বুলেন্স বিতরণ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রসূতি ও শিশুদের অগ্রাধিকার ভিত্তিতে উপজেলার সব শ্রেণির মানুষ এই অ্যাম্বুলেন্সের সেবা পাবেন। মাত্র ৫০ টাকার বিনিময়ে দিন-রাত ২৪ ঘণ্টা উপজেলার ১০ ইউনিয়নের যেকোনো স্থান থেকে লালপুর স্বাস্থ্য কমপ্লেক্স পর্যন্ত এ সেবা পাওয়া যাবে। আর এই ৫০ টাকা ব্যয় হবে এটির রক্ষণাবেক্ষণের কাজে।