ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের ওয়ার্ডে ওয়ার্ডে অবাধে ঘুরে বেড়ান দালালেরা। রোগী ও তাঁদের স্বজনদের কাছে নিজেদের হাসপাতালের কর্মী পরিচয় দিয়ে ভর্তি, শয্যা পেতে সহযোগিতা, রোগীর রোগ পরীক্ষাসহ নানা কাজে সহযোগিতা করেন তাঁরা। বিনিময়ে বকশিশ হিসেবে হাতিয়ে নেন টাকা। অনেক সময় বকশিশ নিয়ে রোগী ও তাঁদের স্বজনদের হয়রানিও করেন তাঁরা। সুযোগ পেলে রোগী ভাগিয়ে নিয়ে যান বেসরকারি ক্লিনিকে। চিকিৎসক-সেবিকারাও তাঁদের দাপটে অসহায়।
হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, অন্তত ৫০ জন দালালের হাতে জিম্মি হয়ে পড়েছে এই হাসপাতালের চিকিৎসাসেবা।
দালালদের দৌরাত্ম্যের কথা স্বীকার করে হাসপাতালের তত্ত্বাবধায়ক ও ভারপ্রাপ্ত সিভিল সার্জন আবু মো. খয়রুল কবীর বলেন, হাসপাতাল দালালমুক্ত করতে নানা পদক্ষেপ নিয়েও সফল হওয়া যাচ্ছে না। দালালদের দাপটে শুধু রোগী ও তাঁদের স্বজনদের নিরাপত্তাই বিঘ্নিত হচ্ছে না, হাসপাতাল কর্তৃপক্ষও জিম্মি হয়ে পড়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতাল কাগজে-কলমে ২৫০ শয্যার হলেও চলছে ১০০ শয্যার অবকাঠোমো ও সরঞ্জামাদি নিয়ে। হাসপাতালে প্রতিদিন গড়ে সাড়ে ৩০০ রোগী ভর্তি থাকেন। হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে রোগীর সঙ্গে থাকেন স্বজনেরাও। অবকাঠামো ও জনবলসংকটে দালালেরা রোগীদের হয়রানি করার সুযোগ পাচ্ছেন।
গত শনিবার কথা হয় সদর উপজেলার সিন্দুর্ণা গ্রামের আবদুর রশিদের সঙ্গে। তিনি চিকিৎসার জন্য তাঁর এক আত্মীয়কে নিয়ে এসেছিলেন। তিনি বলেন, গত বৃহস্পতিবার হাসপাতালে রোগী নিয়ে এসে তিনি দেখেন, শয্যা খালি নেই। তখন এক যুবক তাঁকে শয্যার ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেন। বিনিময়ে তিনি তাঁর কাছে টাকা দাবি করেন। অবস্থা দেখে তিনি ওই যুবককে ১০০ টাকার একটি নোট ধরিয়ে দেন। কিন্তু ওই যুবক টাকা নিয়ে আর দেখা করেননি।
দালালদের হয়রানির শিকার বালিয়াডাঙ্গীর সনগাঁও গ্রামের হাসান আলী বলেন, কয়েক দিন আগে তাঁর এক স্বজন গাইনি ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন। রোগীর জন্য কেনা ওষুধ তখন চুরি হয়। আরেক রোগীর স্বজন ইসলাম উদ্দিন বলেন, হাসপাতালের কর্মচারী পরিচয়ে কম দামে ওষুধ কিনে এনে দেওয়ার কথা বলে এক ব্যক্তি দেড় হাজার টাকা নিয়েছিলেন। পরে তাঁকে আর খুঁজে পাওয়া যায়নি।
নাম প্রকাশ না করার শর্তে হাসপাতালের এক কর্মচারী বলেন, ‘হাসপাতাল থেকে মাঝেমধ্যে রোগী ও তাঁদের লোকজনের মোবাইল ফোন চুরির খবর পাই। হাসপাতালের বাইরের লোকজনের অবাধ যাতায়াতের কারণে এমনটি হচ্ছে।’
আবুল হাসনাত নামের হাসপাতালের এক দালাল বলেন, ‘আমরা কোনো দালালি করি না। হাসপাতালে জনবল কম থাকায় রোগীরা ঠিকমতো সেবা পান না। আমরা রোগীদের সেবা দিয়ে সহযোগিতা করে থাকি। বিনিময়ে তাঁরা খুশি হয়ে যা দেন, তা নিয়ে সন্তুষ্ট থাকি।’
গত শনিবার ছিল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির মাসিক সভা। সভায় সাংসদ রমেশ চন্দ্র সেন সভাপতিত্ব করেন। সভায় স্বাস্থ্যসেবা নিয়ে আলোচনার একপর্যায়ে হাসপাতালে দালালদের দৌরাত্ম্যের বিষয়টি উঠে আসে। আবু মো. খয়রুল কবীর সভায় হাসপাতাল থেকে দালাল উচ্ছেদের জন্য প্রশাসনের কাছে সহযোগিতা চান। সে পরিপ্রেক্ষিতে অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ান লালন আহমেদ হাসপাতালে তাৎক্ষণিক দালালবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানে সদর উপজেলার জগন্নাথপুর গ্রামের মাজিন চন্দ্র রায়ের ছেলে পরিমল চন্দ্র রায় (২৫) ও একই গ্রামের মোশারফ হোসেনের স্ত্রী শিল্পী আক্তারকে (২৩) আটক করে পুলিশ।
দেওয়ান লালন আহমেদ বলেন, দালালদের উৎপাতে রোগীদের জিনিসপত্র খোয়া যাচ্ছে। তাঁরা ভুয়া কর্মচারী পরিচয়ে হাসপাতালকে জিম্মি করে ফেলছেন। এ অবস্থা থেকে উত্তরণের জন্য হাসপাতালে নিয়োজিত গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। দালালবিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।
এ বিষয়ে সাংসদ রমেশ চন্দ্র সেন বলেন, ‘আমরা চেষ্টা করছি হাসপাতালকে দালালমুক্ত করতে।’