ভোলা জেলার মৎস্য অফিসগুলোতে ৫০টি পদের মধ্যে ২৭ জন কর্মকর্তা-কর্মচারী আছেন। বাকি ২১টি পদ শূন্য।জেলা মৎস্য সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, জেলা মৎস্য অফিসে নয়টি পদের মধ্যে তিনজন কর্মরত। এ ছাড়া সদর উপজেলা, দৌলতখান, মনপুরা ও চরফ্যাশন উপজেলা মৎস্য অফিসে পাঁচটি পদে তিনজন করে এবং বোরহানউদ্দিন ও তজুমদ্দীন উপজেলায় পাঁচটি পদে দুজন কর্মরত আছেন। শুধু লালমোহন উপজেলায় পাঁচটি পদের মধ্যে সব কর্মকর্তা-কর্মচারী আছেন।এ ছাড়া ভোলা মৎস্য বীজ উৎপাদন খামারে ছয়টি পদের মধ্যে তিনটি পদ শূন্য আছে। সাতটি উপজেলা মৎস্য কর্মকর্তার মধ্যে একমাত্র লালমোহনে একজন কর্মকর্তা আছেন। বাকি ছয়টি পদ শূন্য।সূত্র জানায়, ভোলায় চারটি নদী, ৫৫টি খাল ও সাগরের মোহনায় প্রায় এক লাখ ৭০ হাজার হেক্টর মুক্ত জলাশয় আছে। এখানে প্রায় তিন লাখ জেলে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে। এ ছাড়া প্রায় ৬০ হাজার পুকুর ও সহস্রাধিক খামারে রয়েছে আরও ৩০ হাজার হেক্টর জলাশয়। আরও ৫০ হাজারের বেশি খামারি, আড়তদার, ফড়িয়া ও পাইকার আছেন।বাংলাদেশ জাতীয় মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের সহসভাপতি ফজলুল কাদের প্রথম আলোকে বলেন, জেলার মুক্ত জলাশয়ের জাটকা-পোনা-রেণু সংরক্ষণ এবং বদ্ধ জলাশয়ে মাছের উৎপাদন বৃদ্ধি করা গেলে শুধু ভোলার মাছ দিয়ে দেশের এক-তৃতীয়াংশ মৎস্যজাত আমিষ পূরণ করা সম্ভব।দৌলতখান উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামাল বলেন, ‘জেলার খামারিদের সঠিকভাবে পৃষ্ঠপোষকতা করলে শতাংশে ২৫ থেকে ৩০ কিলোগ্রাম (কেজি) মাছ উৎপাদন করা সম্ভব। কিন্তু ভোলায় উৎপাদন হচ্ছে ছয় থেকে আট কেজি। প্রতিটি উপজেলার মৎস্য অফিসে যে পদ রয়েছে, তা বাড়িয়ে আরও মাঠকর্মী নিয়োগ করা উচিত। কিন্তু তা তো নেই-ই বরং প্রতিটি উপজেলায় দু-তিনটি পদ শূন্য আছে।’জেলা মৎস্য কর্মকর্তা প্রীতীশ চন্দ্র মল্লিক প্রথম আলোকে বলেন, ‘ভোলা একটি মৎস্য জোন। লোকবল বাড়ানোর সঙ্গে সঙ্গে এখানে ইলিশ গবেষণাকেন্দ্র, উন্নত জাতের পোনা উৎপাদনের খামার, খাবার ও পানি পরীক্ষার জন্য মিনি ল্যাবরেটরি নির্মাণ করা জরুরি। এ নিয়ে কয়েকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বরাবর লিখিত প্রস্তাব দিয়েছি। কিন্তু মৎস্য বিভাগ ও মন্ত্রণালয় বিষয়টি আমলে নিচ্ছে না।